বৃক্ষরোপণ
নব্বইয়ের দশকের প্রথম দিকে তখন আমি ক্লাস সিক্সে পড়ি। সবে প্রাথমিক বিদ্যালয় ছেড়ে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার মাধ্যমিক স্কুলটা গ্রামের হলেও খুব নামকরা স্কুল ছিল। কারণ প্রতি বছর ছেলেরা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করত। আর এ জন্য প্রতি বছর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থানা শিক্ষা কর্মকর্তা, অথবা থানা নির্বাহী কর্মকর্তা কেউ না কেউ সভাপতি হিসেবে আসতেন।সেবার প্রত্যেক ক্লাসে ঘোষণা দেয়া হলো, দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান চলছে। তাই আগামী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থানা শিক্ষা কর্মকর্তা এসে এর উদ্বোধন করবেন। তাই প্রত্যেককে ভালো ভালো গাছের চারা নিয়ে আসার জন্য বলা হলো। তখন আমরা এতটাই অনুগত ছিলাম যে স্যারদের আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলতাম। তাই গাছের চারার চিন্তায় আমাদের ঘুম হারাম হয়ে গেল। স্যার আরও বলেছেন, যার চারাটা ভালো হবে, তারটা দিয়েই বৃক্ষরোপণ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের দিন সকালে সবাই গাছের চারা হাতে করে স্কুলে আসি। একেকজনের হাতে একেক রকম চারাগাছ। কেউ আনল পেয়ারা, কেউ জাম, কেউ নারকেল, কেউ লেবু, কেউ মেহগনি, কেউ চম্বল ইত্যাদি হাজারও রকমের গাছের চারা।স্যার সবাইকে চারাগুলো মাঠে সারিবদ্ধভাবে রাখার নির্দেশ দিলেন। আমরা মাঠে বাদ্যের তালে প্যারেড করতে করতে সভাপতিকে স্যালুট করছি। এবার সভাপতি বৃক্ষরোপণ করে আজকের অনুষ্ঠানের উদ্বোধন করবেন। মাইকে ঘোষণা হলো—‘এবার সভাপতিকে বৃক্ষরোপণের জন্য বিনীত অনুরোধ করা হলো।’ প্রধান শিক্ষক ও সভাপতি মঞ্চ থেকে নেমে এলেন। আমাদের প্রধান শিক্ষক এতগুলো গাছের চারার ভেতর থেকে ভালো চারাটা নির্বাচন করার চেষ্টা করছেন। এমন সময় তাঁর চোখ গেল একটা সতেজ-সবল লকলকে তরতাজা দেবদারুগাছের চারার দিকে। বাস্তবে দেবদারুর চারাটা সবার দৃষ্টি আকর্ষণ করার মতো। স্যার ধীরে ধীরে চারাটার দিকে এগিয়ে গেলেন। এবার দেবদারুর চারাটা দেখিয়ে মাঠে প্যারেডে দাঁড়ানো সব ছাত্রকে বললেন, এই চারাটা কে এনেছে? উল্লেখ্য ইতিমধ্যে আমাদের জানা হয়ে গিয়েছিল কে কিসের চারা এনেছে। প্রায় সবাই সমস্বরে বলে উঠল, ঝরু। কেউবা বলল, ঝরু দাদা। কেউ বলল, বন্ধু ঝরু এনেছে। স্যার বললেন, খুব সুন্দর! এই চারাটা দিয়েই আমাদের সভাপতি আজকের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। এই বলে স্যার দেবদারুগাছের কাণ্ড ধরে উঁচু করলেন, সঙ্গে সঙ্গে নিচে পলিথিনে মোড়ানো যে মাটি ছিল সেটা ধপাস করে পড়ে গেল। স্যার বলে উঠলেন, কী আশ্চর্য! কোন পাজি দেবদারুগাছের ডালকে চারা বানিয়ে এনেছে, এর নিচে তো কোনো শেকড় নেই। আসলে ব্যাপারটা ছিল, একটা ভালো দেবদারুর ডালের নিচে খানিকটা মাটি বেঁধে এনেছিল ঝরু। ততক্ষণে স্যারের রাগ ১০০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। স্যারের রাগ দেখে সবাই চুপ করে রইল। কেউ একটা শব্দও করল না। স্যার ননী দপ্তরিকে বললেন ননী জোড়া বেত নিয়ে এসো। ঝরু কোথায়? ততক্ষণে সবাই ঝরুকে চিরুনি তল্লাশি করে খুঁজছে। ঝরুকে আর প্যারেডে দেখা গেল না। শুধু প্যারেডে নয়, আর কোনো দিন স্কুলেই দেখিনি সেই ঝরুদাকে। ডিভিএম (সিকৃবি)এমএস ফার্মাকোলজি (বাকৃবি)।