বৃত্তাবদ্ধ নারীর দুঃসহ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা বলতে বলতে মেয়েটিকে হঠাৎ থেমে যেতে হলো। পা থেকে মাথা সবই তাঁর বাঁধা পড়ল সমাজের নানা অদৃশ্য বেড়াজালে। একজন নারীর স্বপ্ন ও সম্ভাবনা কীভাবে কঠিন সামাজিক বাস্তবতায় আটকা পড়ে তাই পারফরমেন্স আর্টের মাধ্যমে তুলে ধরলেন আফসানা শারমিন। জেলা শিল্পকলা একাডেমী ও পতেঙ্গা সি-বিচে ১৩ ও ১৪ জুলাই বিকেল পাঁচটায় হয়ে গেল পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্টের আয়োজনে আফসানা শারমিনের ‘টু দ্য ফ্যামিনিন’ শীর্ষক একক পারফরমেন্স আর্ট প্রদর্শনী। পারফরমেন্স আর্ট শিল্পমাধ্যম হিসেবে বাংলাদেশে নতুন হলেও এখন তা বেশ চর্চিত। এখানে শিল্পী সরাসরি নিজেকে শিল্পের মাধ্যম হিসেবে উপস্থাপন করেন বলে শিল্প হয় জীবন্ত এবং উপলব্ধির বিষয়। আফসানা শারমিন তাঁর এই প্রদর্শনীতে তিনটি পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশের নারীদের বর্তমান অবস্থা তুলে ধরেন। জীবনের গভীর অনুভূতিকে বিভিন্ন উপকরণ, শারীরিক কৌশল ও গতি ব্যবহার করে শিল্পী কখনো জড়িয়ে পড়ছেন বেড়াজালে; কখনো শূন্যে ঝুলে, কখনো আছড়ে পড়ে, একজন নারীর অসহায় মুহূর্তের যন্ত্রণাগুলো তুলে ধরে দর্শকদের মধ্যে এক শ্বাসরুদ্ধকর উপলব্ধির সৃষ্টি করেন। তিনটি পারফরমেন্সের ফাঁকে প্রজেক্টরের মাধ্যমে তাঁর দেশে-বিদেশে বিভিন্ন পারফরমেন্সের ভিডিও চিত্রও দেখানো হয়। দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন জাপানি টিভি চ্যানেল এনএইচকের অনুষ্ঠান পরিচালক ইউগো ইদি, এনএইচকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মাসুদ হোসাইন, শিল্পী আলম খোরশেদ, জাহেদ আলী চৌধুরী, নিলুফার চামান, দিলারা বেগম প্রমুখ। আয়োজক পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্টের চেয়ারম্যান আবু নাসের বলেন, ‘পোড়াপাড়ার কার্যক্রমের সঙ্গে যুক্ত শিল্পীরা যাঁরা ভালো করছেন, তাঁদের আরও উৎসাহিত করতে এই আয়োজন। এটা আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব। সমাজের নারীদের নিয়ে শিল্পীর যে নিজস্ব কিছু ভাবনা আছে, তা-ই উঠে এসেছে তাঁর পারফরম্যান্সে।’ চারুকলার শেষ বর্ষের ছাত্র মো. সাইফ উদ্দিন বলেন, ‘ভালো লেগেছে, শিল্পী পারফরম্যান্সের মাধ্যমে সরাসরি দর্শকদের সঙ্গে সম্পৃক্ততা তৈরি করলেন। এ মাধ্যমটা অন্য যেকোনো মাধ্যমের চেয়ে সহজ ও সাবলীল।’