দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তিন পার্বত্য জেলার আট শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (পাচউবো)। দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে পরিচালিত এই প্রকল্পের পরিধি আগামী বছর আরও বাড়ানো হবে। এতে আরও বেশিসংখ্যক শিক্ষার্থী বৃত্তির আওতায় আসবে।
বান্দরবানে ২২ আগস্ট এ কর্মসূচির অংশ হিসেবে ২৩৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, পাচউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ প্রমুখ। সভাপতিত্ব করেন পাচউবোর ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ।
পাচউবো কর্মকর্তারা বলেন, অনগ্রসর তিন পার্বত্য জেলার দরিদ্র অভিভাবেকরা খরচ চালাতে না পারায় অনেক মেধাবী শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের পর ঝরে পড়ে। এ কারণে দরিদ্র শিক্ষার্থীদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি, পাঠ্যবই ও অন্যান্য শিক্ষা উপকরণের খরচ জোগাতে এই আর্থিক সহযোগিতা চালু করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী কলেজের শিক্ষার্থীরা এককালীন দুই হাজার ৪০০ টাকা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন হাজার ৬০০ টাকা পাবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্র জানায়, এবার তিনটি জেলা থেকে প্রাপ্ত আবেদন বাছাই করে ৮১১ জন ছাত্র-ছাত্রীকে ২৪ লাখ ৪৩ হাজার ২০০ টাকা বৃত্তি প্রদান করা হচ্ছে। এর মধ্যে বান্দরবানের ১০৯ জন কলেজ ও ১৩০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এ ছাড়া রাঙামাটির ১৫৫ জন কলেজ ও ১৭৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং খাগড়াছড়ির ১০৮ জন কলেজ ও ১৩৪ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই বৃত্তি পাচ্ছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য জেলাগুলোর বিদ্যালয় ও কলেজগুলোতে শিক্ষক-সংকট, অভিভাবকদের অসচেতনতা ও শিক্ষার্থীদের মনোযোগের অভাবে শিক্ষার মান উন্নয়ন হচ্ছে না। এ জন্য এখানকার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় টিকতে না পেরে ঝরে পড়ছে। তার ওপর তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান অনেক বেশি পিছিয়ে পড়েছে।
পাচউবোর ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ বলেন, শিক্ষাবৃত্তি হিসেবে যে টাকা দেওয়া হয়েছে তা বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুব বেশি নয়। এ জন্য আগামী বছর থেকে টাকার পরিমাণ দ্বিগুণ করার চিন্তাভাবনা করা হচ্ছে। এ ছাড়া তিন পার্বত্য জেলায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রণোাদনা বৃত্তি প্রদানেরও পরিকল্পনা আছে।