বৃত্তি বার্তা
এডিবি-জেএসপি স্কলারশিপ প্রোগ্রাম
জাপান সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) শিক্ষাবৃত্তি সুবিধা হচ্ছে ‘এডিবি-জেএসপি স্কলারশিপ প্রোগ্রাম’। জাপান স্কলারশিপ প্রোগ্রামের (জেএসপি) আওতায় এডিবিভুক্ত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেওয়ার সুযোগ পেয়ে থাকেন। ১৯৮৮ সাল থেকে চালু হওয়া এই বৃত্তির জন্য সম্প্রতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
এই বৃত্তির আওতায় এশিয়া ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থনীতি, ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার সুযোগ পেয়ে থাকেন।
বৃত্তির আওতায় যা থাকবে: টিউশন ফি, মাসিক খরচ, আবাসন, বইপত্র, চিকিৎসা ভাতা ও ভ্রমণ ব্যয়।
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল নিয়ে স্নাতক পাস। অন্তত দুই বছর পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। তবে অভিজ্ঞদের জন্য বয়স শিথিলযোগ্য।
আবেদন ও বৃত্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এডিবির ওয়েবসাইটে (www. adb. org/site/careers/japan-scholarship-program/main)
যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বৃত্তি
যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল দিচ্ছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বৃত্তিসহ এমবিএ ডিগ্রি নেওয়ার সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। বৃত্তির পরিমাণ ১০ হাজার পাউন্ড। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বৃত্তি-সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, নেতৃত্বের অভিজ্ঞতাসম্পন্ন এবং শিক্ষাজীবনে ভালো ফলাফলের অধিকারী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি আইইএলটিএস সনদ থাকতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। বৃত্তি সম্পর্কিত বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবাসইটে: http://goo.gl/s1kJGN
গ্রন্থনা: সজীব মিয়া