বৃত্তি বার্তা

কমনওয়েলথ বৃত্তি ২০১৬
কমনওয়েলথ স্কলারশিপ ও ফেলোশিপ পরিকল্পনার (সিএসএফপি) আওতায় কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা অন্য সদস্যদেশে পড়ার সুযোগ পেয়ে থাকে। ২০০৯ সাল থেকে কমনওয়েলথভুক্ত নিম্ন ও মধ্যম আয়ের দেশের শিক্ষার্থীদের জন্য নতুন এক বৃত্তি সুবিধা চালু করেছে সিএসএফপি। বৃত্তির আওতায় একজন শিক্ষার্থী পাবেন বিনা টিউশন ফিতে স্নাতকোত্তর পড়ার সুযোগ। এ ছাড়া বৃত্তির সুবিধায় থাকবে বাসস্থান ও আনুষঙ্গিক খরচ এবং বিমানে যাতায়াত খরচের সঙ্গে ৫০০ ডলার ভাতা। ২০১৬ সালের মাঝামাঝি শুরু হওয়া কোর্সের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ সময় ২৯ ফেব্রুয়ারি। বিস্তারিত: https://goo.gl/fKx607

মডেল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট
এ বছর ২১ থেকে ২৮ মে জার্মানি ও পোল্যান্ডে অনুষ্ঠিতব্য মডেল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে (এমআইসিসি) অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ইংরেজিতে পারদর্শী যেসব শিক্ষার্থীর বয়স ১৫ থেকে ২১ এবং যাঁরা আইন, সাংবাদিকতা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তে আগ্রহী, তাঁরা অংশগ্রহণের জন্য আবেদন করতে পারেন। ইন্টারভিউয়ের পর কিছুসংখ্যক শিক্ষার্থী নির্বাচিত হবেন। ভিসা, যাতায়াত ও আবাসনের খরচ আয়োজকেরাই বহন করবে। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি।
আবেদন করা যাবে এই ওয়েবসাইটে: onuronon.org/apply/
বিস্তারিত: ০১৭২৩৩৮৫০৬০

ইরানে অলিম্পিয়াড
আগামী ৭ থেকে ১১ আগস্ট ইরানে অনুষ্ঠিত হবে ১৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, নবম রসায়ন অলিম্পিয়াড ও তৃতীয় পরিসংখ্যান অলিম্পিয়াড। অনুষ্ঠেয় এই অলিম্পিয়াডগুলোতে অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে ইরান সরকার। বৃত্তির সুবিধা হিসেবে অংশগ্রহণকারীকে ইরানে থাকা-খাওয়াসহ অন্যান্য যাবতীয় খরচ বহন করা হবে। তবে যাতায়াত খরচ ব্যবস্থা অংশগ্রহণকারীকেই করতে হবে। বিস্তারিত: olympiad.sanjesh.org/en/index.asp
গ্রন্থনা: সজীব মিয়া