বৃত্তের বাইরে জিহান করিম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অ্যাপ্লায়েড আর্টের শিক্ষক জিহান করিম অডিও-ভিডিও মাধ্যমে কাজ করে পরিচিতি পেয়েছেন। পুরস্কার জিতেছেন ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্ট বিয়েনালে। সম্প্রতি নির্বাচিত হয়েছেন জাপানের পঞ্চম ফুকোয়াকা আর্ট ট্রিনিয়ালের আমন্ত্রিত শিল্পী হিসেবে। প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় উঠে আসে তাঁর শিল্পচর্চার বিভিন্ন দিক—
প্রথম আলো: বয়স ৩০ পার হয়নি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি পেলেন...
জিহান: ভেবেছি স্বাধীনভাবে শিল্পচর্চা করব। কিন্তু চাকরি হওয়ায় ভালো লাগছে। এটা তো প্রত্যাশার চেয়েও বেশি।
প্রথম আলো: ফুকোয়াকা আর্ট ট্রিনিয়ালে কীভাবে সুযোগ পেলেন?
জিহান: এর আগে কোরিয়াতে একবার যৌথ প্রদর্শনীতে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। তবে ফুকোয়াকা আর্ট ট্রিনিয়ালে সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার। দুই বছর ধরে ফুকোয়াকার কিউরেটর ইগিরা শিরিনা বাংলাদেশে বেশ কয়েকবার সফর করে শিল্পীদের কাজ দেখেছেন। আমি ছাড়া শিল্পী মাসুম চিশতীও এই আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছেন।
প্রথম আলো: সেখানে আপনার কয়টি কাজ থাকবে?
জিহান: বকশীর হাট নিয়ে করা আমার একটি ভিডিও আর্ট প্রদর্শিত হবে ফুকোয়াকা আর্ট মিউজিয়ামে। এ ছাড়া আরও দুটি স্থানসুনির্দিষ্ট (সাইট স্পেসিফিক) শিল্পকর্ম করতে হবে বহিরাঙ্গণে। সে দুটো কাজে স্থাপনাশিল্প এবং অডিও-ভিজুয়াল মাধ্যমের মিশ্রণ থাকবে।
প্রথম আলো: ভর্তি হয়েছিলেন বিবিএতে, সেখান থেকে চারুকলায় এলেন, কাহিনিটা বলুন।
জিহান: আমার বরাবর ইচ্ছে ছিল শিল্পী হব। কিন্তু পরিবারের চাপে বাধ্য হই বিবিএতে ভর্তি হতে। পরের বছর কাউকে না জানিয়ে চারুকলায় ভর্তি পরীক্ষা দিই এবং মেধা তালিকায় দ্বিতীয় হই। বাবা রাজি না হলেও মা সম্মতি দিয়েছিলেন।
প্রথম আলো: এখন রীতিমতো শিল্পী, তবে চলার পথটা মসৃণ ছিল কী?
জিহান: বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ার সময় বাবা মারা যান। বাবার পেনশনের টাকা থেকে বাড়িভাড়া দেওয়া হতো। বাদ বাকি খরচ আমি ও আমার বড় বোন ভাগ করে নিয়েছি। তখন টিউশনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চসজ্জা, পোশাক ও শাড়িতে ব্লকের কাজ করেছি।
প্রথম আলো: ভবিষ্যৎ লক্ষ্য কী?
জিহান: পেইন্টিংয়ের ছাত্র হওয়া সত্ত্বেও প্রথাগত শিল্পমাধ্যমের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করি। চাই সমাজের সব শ্রেণির মানুষ আমার শিল্পকর্মের দর্শক হোক। ভবিষ্যতে আরও নতুন নতুন মাধ্যমে কাজ করতে চাই। সামনে কর্ণফুলী নদী নিয়ে একটি স্থানসুনির্দিষ্ট শিল্পকর্ম করার ইচ্ছে আছে।
সাক্ষাৎকার: আহমেদ মুনির