বৃদ্ধ বয়সে মা হওয়াটা স্বার্থপরতা
অস্ট্রেলিয়ায় ৬২ বছর বয়সে এক নারীর সন্তান জন্ম দেওয়া নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রকৃতির স্বাভাবিক নিয়মে হওয়া এক কথা। কিন্তু এ বয়সে আইভিএফ (ডিম্বাণু-শুক্রাণুর মিলন ঘটিয়ে ভ্রূণটিকে জরায়ুতে স্থাপন) চিকিৎসা-পদ্ধতির মাধ্যমে গর্ভধারণ করার ইচ্ছাকে অনেকে ‘স্বার্থপরতা’ বলে মনে করছেন। কেননা, শিশুটির বাবার বয়স এখনই ৭৮ বছর। ওই শিশু কিছুটা বড় হতেই হয়তো বাবা-মাকে হারাবে। তখন শিশুটির কী হবে?
গত সোমবার মেলবোর্নের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে এই শিশুর জন্ম হয়। তবে এ ধরনের ঘটনা অস্ট্রেলিয়ায় প্রথম নয়। ৬২ বছর বয়সী এই মা এখন ‘বৃদ্ধ বয়সে মা হওয়াদের’ মধ্যে একজন। আজ বুধবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ ঘটনার পর অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাইকেল গ্যানন বলেন, এ ধরনের সিদ্ধান্ত ‘একধরনের স্বার্থপরতা ও ভুল’। তিনি টুইটারে এই দম্পতির সমালোচনা করে বলেন, ‘কচি ছেলেমেয়েদের সামনে রেখে এ নিয়ে ভাবলে কী মনে হয়? স্বার্থপর, কাজটি ভুল।’ টুইটারে তিনি লেখেন, এখানে নারীর স্বাস্থ্যের বিষয়টি সবার আগে আসে।
এই চিকিৎসক বলেন, এটি অধিকারের বিষয়। এখানে শিশুটির অধিকারের কথা ভাবতে হবে। সমাজের কথা, আয়করদাতার কথা ভাবতে হবে। ৬০ বছরে এসে সন্তানের চিন্তা করা পাগলামি ছাড়া কিছু না। পরে সাংবাদিকদের তিনি বলেন, এখানে ওই বৃদ্ধা নারীর শারীরিক সুস্থতা নিয়েও শঙ্কা ছিল। কেননা, তাঁর ওই সময় ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ও স্ট্রোক হতে পারত।
চ্যানেল সেভেন জানায়, এই দম্পতি একজন দাতার কাছ থেকে এই ভ্রূণ নিয়েছেন।
মেলবোর্নে আইভিএফ চিকিৎসা-পদ্ধতির উন্নতি ও সফলতার পথিকৃৎ অধ্যাপক গ্যাব কোভাকস। তিনি মেলবোর্নের এ ঘটনার সমালোচনা করে বলেন, এই বয়সী নারীদের জন্য এই চিকিৎসা–পদ্ধতি নয়। এ বয়সে মা হওয়া মা-শিশু দুজনের জন্যই ভয়ংকর। এ ছাড়া আজকের এ শিশুর বয়স যখন ২১ বছর হবে, তখন তার মায়ের বয়স হবে ৮৪ বছর। তাই এ ধরনের ঘটনা সন্তানহীন বয়স্ক দম্পতির জন্য ভুল নজির স্থাপন করে। তারা হয়তো এ ঘটনার পর নিজেরাও এই পদক্ষেপ নিতে উৎসাহী হয়ে উঠতে পারেন।