
রাজধানীর কলাবাগানে ছোট্ট এক ফ্ল্যাটে নতুন সংসার পেতেছেন তাবাসসুম (ছদ্মনাম) ও এনামুল (ছদ্মনাম)। দুজনই সদ্য বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে চাকরিতে ঢুকেছেন। তাবাসসুম একটি ইংরেজি মাধ্যম স্কুলে আর এনামুল ব্যাংকে। কয়েক মাস যেতেই খবর এল এনামুলের বাবা স্ট্রোক করে বাক্ ও চলন শক্তি হারিয়েছেন। এনামুলের মা একটি এনজিওতে বড় পদে আছেন। ব্যস্ত থাকেন তিনিও। এনামুল পরিবারের ছোট ছেলে। তাঁর বড় আরও দুই ভাই ও দুই বোন আছেন। সবাই ঢাকায় প্রতিষ্ঠিত।
বাবার স্ট্রোক করার পর সব ভাইবোন যখন বাড়িতে একত্র হলেন, বৈঠক বসল এখন বাবার দেখাশোনার কী হবে? মা তো ব্যস্ত। আর একা তিনি পারবেনও না। তাহলে? বড় ভাই বললেন, তাঁর সঙ্গে তাঁর শাশুড়ি থাকেন। তাঁর বাসায় সমস্যা। বড় বোন শ্বশুরবাড়িতে যৌথ পরিবারে থাকেন। তাঁর পরের বোন নিজে চাকরি করেন। আরেক ভাই ব্যবসা নিয়ে প্রায়ই চীন-জার্মানি ছোটাছুটি করেন। তাঁর স্ত্রীকে দুটি ছোট বাচ্চা সামলাতেই হিমশিম খেতে হয়। এ অবস্থায় বাধ্য হয়ে বাবাকে নিজের কাছে নিয়ে এলেন এনামুল।
প্রথম প্রথম আত্মীয়স্বজনদের এক-আধজন এসে এনামুল ও তাঁর স্ত্রীকে সাহায্য করার চেষ্টা করলেও মাসখানেকের মধে৵ই সবাই যার যার মতো কেটে পড়লেন। মাস দু-এক পর পরিস্থিতি এমন দাঁড়াল, হয় এনামুল নয় তাঁর স্ত্রীকে চাকরি ছাড়তে হবে। সবাই এনামুলের স্ত্রীকে চাকরি ছাড়ার পরামর্শ দিলেন। নতুন বউ নিজের কথা বলতে চাইলেও শেষ পর্যন্ত পরিস্থিতির মুখে চাকরিটা ছেড়ে দিলেন। এরও পাঁচ বছর পর শেষনিশ্বাস ত্যাগ করলেন এনামুলের বাবা। আর সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচলেন।
এটা ঢাকার বাইরের কথা। ধামরাই থানার টোপেরবাড়ি এলাকার। দুভাই-দুবোন-বাবা-মায়ের সংসার। ক্রমে বড় বোন, তারপর বড় দুটি ভাই বিয়ে করে আলাদা হলেন। বাড়িতে রইলেন বাবা-মা আর ছোট বোনটি। স্কুলশিক্ষক বাবা অবসর নিলে ওই বিদ্যালয়েই ছোট মেয়েটি শিক্ষক হিসেবে চাকরি পেলেন। ধরা যাক, এই ছোট মেয়ের নাম সায়মা। চাকরি হওয়ার পর মেয়েটির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক যে প্রতিবেশী ছেলেটির, তাঁর বিয়ে হলো। ছেলেটির নাম শাকিল (ছদ্মনাম)। শাকিলের ছোটখাটো ব্যবসা আছে। বিয়ের পর ছেলেটি সামাজিক সব বাধাকে তুচ্ছ করে সায়মার বাড়িতে উঠলেন। সুখেই দিন কাটছিল। সায়মার বড় ভাইবোন, অন্য আত্মীয়স্বজন আগের মতোই বাড়িতে আসা-যাওয়া করতে লাগলেন। তবে অসন্তোষ জমতে থাকে শাকিলের পরিবারে। তাঁরা ছেলেকে ঘরজামাই দেখতে চান না। তাঁরা ছেলেকে বোঝাতে লাগলেন, বউ নিয়ে হয় নিজের বাড়ি বা আলাদা বাসায় উঠতে। কিন্তু সায়মা বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে যেতে নারাজ। কারণ, আর কোনো ভাইবোন বাবা-মায়ের দায়িত্ব নিতে নারাজ। সায়মা ভোরে উঠে দুই ব্যাচ ছাত্র পড়িয়ে, সারা দিনের রান্না সেরে, ছুটতে ছুটতে বেলা ১০টায় বিদ্যালয়ে যান। এরই মধে৵ স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে তাঁর।
আপনজনেরা কেউই সায়মার বাস্তবতা না বুঝে আগের মতোই ওই বাড়িতে বেড়াতে আসতে থাকেন। সায়মাও তাঁদের আপন মনে করে স্বামী আর তাঁর টানাপোড়নের কথা বলেন। পরিস্থিতি আরও ঘোলাটে হয়। একপর্যায়ে স্বামী নিজের বাড়িতে ফিরে যান। সায়মার মা স্ট্রোক করে শয্যাশায়ী হন। অসুস্থ মা, বৃদ্ধ বাবা, স্বল্প আয় নিয়ে গ্রামের বাড়িতে স্বামীকে হারিয়ে হতাশায় ডুবে যেতে থাকেন সায়মা।
খুবই দুরবস্থার মধ্যে সায়মার মা মারা যান। এখন সায়মা বাবাকে নিয়ে থাকেন। আর সায়মার বাবা ভোগেন অপরাধবোধে। তাঁর কেবলই মনে হয়, বুড়ো-বুড়িকে টানতে গিয়ে সংসার হলো না মেয়েটার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কানিজ ফাতেমা প্রবীণ ব্যক্তিদের এ রকম অবস্থা সম্পর্কে বলেন, এ দেশে জন্মের পর যে বাবা-মা সন্তানের কষ্ট হবে বলে তাকে কোল থেকে নামাতেও দুবার ভাবে, বৃদ্ধ বয়সে সেই বাবা-মায়েরই বেশির ভাগ ক্ষেত্রে এ অবস্থা হয়। এ দেশের আর্থসামাজিক কোনো কাঠামোই বৃদ্ধদের পক্ষে নয়। অথচ বার্ধক্য প্রতিটি মানুষের জীবনের নিয়তি। যদি অকালমৃত্যু না ঘটে, তবে জীবনের এ স্তরে আসতেই হবে।
এ দেশের দরিদ্র আর্থসামাজিক কাঠামোর কঠিন শিকার হচ্ছেন প্রবীণ ব্যক্তিরা। শারীরিক নানা অসুস্থতার সঙ্গে এ সময় পরিবার বা নিকটজনের কাছে গুরুত্ব হারিয়ে বা সামাজিকভাবে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে অধিকাংশ প্রবীণই ভোগেন বিষণ্নতায়।
উন্নত বিশ্বে শুধু বৃদ্ধদের জন্য আলাদা বিশেষজ্ঞ চিকিৎসাব্যবস্থাই রয়েছে। এই ব্যবস্থার নাম ‘জেরিয়াট্রিক মেডিসিন’। প্রবীণ ব্যক্তিদের বিশেষ মানসিক ও স্বাস্থ্যগত পরিস্থিতির কথা বিবেচনা করে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। আর যাঁরা দেন, তাঁদের থাকে এ ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ। এ ছাড়া আছে বৃদ্ধনিবাস (ওল্ডহোম)। আছে বিশেষ ভাতার ব্যবস্থা।
আমাদের দেশে এখন বৃদ্ধদের জন্য সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে কিছু বৃদ্ধনিবাস গড়ে উঠলেও সেখানে সেবা দেওয়ার সুযোগ সীমিত। এখনো পরিবারই আমাদের প্রবীণ ব্যক্তিদের শেষ ভরসা। অথচ সামাজিক মূল্যবোধও আজকাল অনেকটাই দুর্বল হয়ে পড়ায় সেখানেও দেখা যায়, বৃদ্ধরা অবহেলিত। অথচ প্রবীণের অভিজ্ঞতা, জ্ঞান হতে পারে আমাদের চলার পথের শক্তি।
শেষ বয়সে মা-বাবাকে ঠেলাঠেলির মধ্যে না ফেলে যার যা দায়িত্ব আছে, তা-ই পালন করতে পারেন। কে কী করল, না করল সেটার জন্য মুখাপেক্ষী কেন হবেন। আপনি যখন ছোট ছিলেন, তখন নিশ্চয় তাঁরা আপনাকে এমন অনিশ্চয়তার মধ্যে ফেলেননি। বৃদ্ধ বয়সে একটু স্বস্তি, নিশ্চয়তা তো তাঁরা পেতেই পারেন সন্তানের কাছ থেকে।