
‘লেখাপড়া শেখার কোনো বয়স নেই, এটা যেকোনো সময়ই করা যায়। আমি তাই করেছি।’ নিজেকে নিয়ে এমনটা বললেন ৪০ বছর বয়সের বৃন্দা রানি। পটুয়াখালীর কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখায় পড়ছেন তিনি। পড়াশোনার প্রতি কতটা ঝোঁক তাঁর, এটা চোখে না দেখলে কাউকে বিশ্বাস করানো যাবে না।
২০১৫ সালে খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী হিসেবে কারিগরি শাখা থেকে ৪.৫০ পেয়ে এসএসসি পাস করেছেন। এর আগে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে জেএসসি পাস করে নবম শ্রেণিতে এসে ওই বিদ্যালয়ে ভর্তি হন।
এই বয়সে পড়াশোনার প্রতি এমন আগ্রহের কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ‘ছোটবেলায় ভালো পাত্র পাওয়ায় বাবা আমাকে বিয়ে দিয়ে দেন। তখন আমি বিয়েতে রাজি ছিলাম না। তারপরেও বাবার কথা ভেবে বিয়েতে মত দিই। ফলে লেখাপড়া আর করতে পারিনি। মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল। প্রতিজ্ঞা করেছিলাম, আমি ঠিকই আবার পড়াশোনা করব। কম করে হলেও বিএ পাসটা করব।’
সংসারের অভাবের কারণে কিছুদিন বেসরকারি সংস্থা কেয়ারের পুষ্টি প্রকল্পে চাকরি করেন। সেখানে বড় কর্মকর্তারা মাঝেমধ্যে ফিল্ড ভিজিট করতে এলে অনেক সময় জানতে চাইতেন, কে কে এসএসসি পাস করেছেন। যাঁরা পাস করা ছিলেন, তাঁরা ঠিকই উঠে দাঁড়াতেন। কিন্তু বৃন্দা রানি দাঁড়াতে পারতেন না। মনের মধ্যে জেদ চেপে বসেছিল। তিনি মনে করেন, আবার পড়াশোনা শুরু করার পেছনে এ ঘটনার অবদান আছে।
সহপাঠীদের কাছ থেকে জানা গেছে, কলেজে নিয়মিত আসেন বৃন্দা। সহপাঠীদের সঙ্গেও তাঁর খুব সখ্য। ক্লাসের বাইরেও লেখাপড়া নিয়ে আলোচনা করেন। কোনো কারণে কলেজে আসতে না পারলে সেটা অন্যদের কাছ থেকে জেনে। এভাবেই চলছে বৃন্দা রানির কলেজজীবন।
বৃন্দা রানি বলেন, ‘সহপাঠীরা আমাকে আদর করে “খালা” ডাকে। ওরা তো আমার সন্তানের মতোই। আমাকে খুব ভালোবাসে। শিক্ষকেরাও আমার প্রতি বিশেষভাবে যত্নশীল।’
তাঁর সহপাঠী ইসরাত জাহান সৌদিয়া, শামিমা আক্তার বলেন, খালা যেদিন ক্লাসে আসেন না, সেদিন আমাদেরও ভালো লাগে না। তাঁকে দেখে আমরাও অনুপ্রাণিত হয়েছি।
কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন বলেন, ‘বৃন্দা রানি এ যুগের নারী শিক্ষার এক অনন্য উদাহরণ। সবচেয়ে বড় কথা হলো তিনি নিজে পড়ছেন, আবার সন্তানদেরও পড়াচ্ছেন। আমরা তাঁকে সহায়তা করার চেষ্টা করি।’
বৃন্দা রানির এক ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে কিশোর চন্দ্র শীল বিএ পড়ছেন কলাপাড়ার মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে। মেজ মেয়ে মুক্তা রানি এ বছর কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাস করেছেন। সবার ছোট মেয়ে তমা দেবী খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
কলাপাড়া পৌর শহর লাগোয়া নাচনাপাড়া গ্রামে বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে পাশের ঢালে ছোট্ট একটি খুপরি ঘরে স্বামী ও সন্তানদের নিয়ে থাকেন। ছোট খুপরি ঘরটির অবস্থা জরাজীর্ণ। স্বামী নির্মল চন্দ্র শীল মাস্টাররোল খেপুপাড়া পোস্ট অফিসের অধীনে শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া শাখা পোস্ট অফিসে রানার পদে চাকরি করেন। সম্মানী পান সামান্যই। পরিবারের পাঁচ সদস্যের ভরণপোষণ মেটাতে বৃন্দা রানিকেও ঘাম ঝরাতে হয়।
বাড়তি আয়ের জন্য ঘরে বসে তিনি ‘কাগজের ঠোঙা’ বানিয়ে বাজারের দোকানে বিক্রি করেন। এ জন্য সপ্তাহে দুই দিন তাঁকে ক্লাস কামাই দিতে হয়। অল্প আয়ে নিজের পড়াশোনা, অন্যদিকে তিনটি ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে আর কুলিয়ে উঠতে পারছেন না তিনি। ফিরে আসার সময় দীর্ঘশ্বাস ফেলে বৃন্দা রানি বললেন, ‘শত কষ্ট হলেও আমি থেমে যাব না। পড়াশোনা আর জীবনযুদ্ধে আমি একদিন জয়ী হবই।’