বৃষ্টি এলেই সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু জোরে বাতাস বইলে বা বৃষ্টি এলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সংযোগ পাওয়া যায় দুই থেকে তিন ঘণ্টা পর। অনেক সময় টানা কয়েক দিন বিদ্যুৎ থাকে না। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দারা এমন বিদু্যৎ–বিভ্রাটের কারণে চরম ভোগান্তি পোহালেও সমস্যা সমাধানে এগিয়ে আসছে না পল্লী বিদ্যুৎ সমিতি।
উপজেলার গ্রাহকদের অভিযোগ, বৃষ্টি এলেই বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করা হলে জানানো হয়, আবহাওয়া ভালো হলে সংযোগ দেওয়া হবে। তবে বৃষ্টি থেমে যাওয়ার কয়েক ঘণ্টা পরও সংযোগ পাওয়া যায় না। সর্বশেষ গত ১৯ থেকে ২২ জুন টানা চার দিন বিদ্যুৎ ছিল না উপজেলায়।
উপজেলার তৈলারদ্বীপ সরকারহাটের বাসিন্দা মো. সোলাইমান (৩৯) অভিযোগ করেন, ‘বৃষ্টি হলে ঘণ্টার পর ঘণ্টা বিদু্যৎ থাকে না। পল্লী বিদ্যুৎ কার্যালয়ে অভিযোগ করেও কোনো লাভ হয় না। এতে আমাদের দৈনন্দিন কাজে সমস্যা হচ্ছে।’
তবে, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলেন, বাতাস বইলে গ্রামের ভেতর দিয়ে যাওয়া সঞ্চালন লাইন গাছের ডালপালার সঙ্গে ধাক্কা খায়।
এতে ফিউজ পড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পল্লী বিদ্যুৎ সমিতির আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা বলেন, উপজেলার ১১ ইউনিয়ন ও কর্ণফুলী থানার দুই ইউনিয়ন মিলিয়ে গ্রাহক আছে ৩১ হাজার ৫৭৮ জন। কিন্তু এত বিপুলসংখ্যক গ্রাহকের বিপরীতে ওই কার্যালয়ে দুজন সহকারী প্রকৌশলী ও একজন সহকারী মহাব্যবস্থাপক ও ২০ জন লাইনম্যান আছেন। কিন্তু তাঁদের পক্ষে সমস্যা সমাধান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদু্যৎ কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মো. ইব্রাহিম খলিল বলেন, ‘বৃষ্টির সময় ফিউজ পড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হলেও আমরা তৎপর থাকি দ্রততার সঙ্গে সংযোগ দেওয়ার।’ জনবল প্রসঙ্গে তিনি বলেন, দুর্যোগে গ্রাহকদের একটু কষ্ট হলেও সেটা সাময়িক। আর জনবল বাড়ানো হলে গ্রাহকদের খরচও বাড়বে বলে তিনি জানান।