বৃষ্টি এলো ছেলেবেলায়
দিন কয়েক হলো নতুন বাড়িতে এসে উঠেছি। শুধু বাড়ি নয়, জায়গাটিও নতুন। বাবার বদলির চাকরি, ঘুরতে ঘুরতে কুষ্টিয়ায় আসা। বাড়ির চারদিক উঁচু প্রাচীর। লাল ইটের গাঁথুনি দেওয়া ঘরগুলোর ওপর টিনের চাল। রান্নাঘরের পাশেই পেঁপেগাছ। মাটি থেকে মাথা পর্যন্ত গাছজুড়ে পেঁপে। কয়েকটি আম-জাম-সুপারির গাছও দেয়ালের পাশে লাগানো। বাড়ির পাশ দিয়েই লম্বা মাটির রাস্তা।সেদিন ভোরে বাতাসের ঝাপটায় ঘুম ভেঙে গেল। বাতাস যেন টিনের চালে আছড়ে পড়ছে। ভেতর বাড়ির পেঁপে-আম-জামগাছগুলো যেন বাতাসের ঝাপটায় নুইয়ে আসছে। আমরা পিঠাপিঠি দুই ভাই ও এক বোন। প্রাইমারির গণ্ডি তখনো পার হইনি। তিনজনই ঘুমজড়ানো চোখে অত্যন্ত কৌতূহল নিয়ে ফটক খুলে রাস্তার পাশে এসে দাঁড়ালাম। মাটির রাস্তা ধরে ছুটে চলেছে অনেক মানুষ। তাদের মধ্যে আমাদের বয়সী অনেকেই। কেউ যেন বলে উঠল, ‘আরে! তোমরা দাঁড়িয়ে কেন? আম কুড়াবে না?’ আমরা মন্ত্রমুগ্ধের মতো ছুটে চলা মানুষগুলোর মাঝে মিশে গেলাম। জোরে বাতাস বইছে। ছুটতে ছুটতেই চলে এলাম বিশাল এক আমবাগানে। এ কী! বাতাসের ঝাপটায় গাছের তলায় পড়ে আছে শত শত আম। কোনোটা ছোট, কোনোটা বড়। সবাই আম কুড়াতে ব্যস্ত। দেখাদেখি আমরাও কুড়াতে শুরু করলাম। খানিক বাদেই কোল ভরে গেল। তিনজনই মাটির রাস্তা ধরে ফিরে চললাম বাড়ির দিকে। রান্নাঘরের পাশেই জল রাখার বড় একটি টব। আমগুলো টবে রেখে আবার ছুট। বাগানে তখনো আম কুড়ানো চলছে। এভাবেই দু-চারবার যাওয়া-আসায় টবের প্রায় অর্ধেক ভরে গেল। আম কুড়াতে কুড়াতে কখন যে মাথার ওপর বৃষ্টি শুরু হয়েছে, বোঝা যায়নি। গাছের পাতার ফাঁকে ফাঁকে কালো মেঘেরা যেন ঝাঁপিয়ে পড়ছে। বৃষ্টি এল ঝেপে। সবাই ভিজে চুপসে গেছি। গায়ের জামা শরীরের সঙ্গে লেগে গেছে। টপ টপ করে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে সারা গা থেকে। ঠান্ডা হাওয়ায় শীত শীত লাগছে। বাড়ি ফেরা দরকার। বাড়ির কাছাকাছি আসতেই দেখি ফটক ধরে বাবা-মা উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে। মা তাড়াতাড়ি গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দিলেন সবাইকে। তিনজনই ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছি আর মাঝেমধ্যে কুড়িয়ে আনা আমগুলোর দিকে তাকাচ্ছি। টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমানোর চেষ্টা করি। কিন্তু ঘুম এল না, এল হাড়কাঁপানো জ্বর।লিয়াকত হোসেনস্টকহোম, সুইডেন।