বৃষ্টি ও তার ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু বছর আগে বৃষ্টি ছিল এক রূপসী নারী। সে বাস করত ওই দূরে, নীল আকাশের প্রাসাদে। সে তার কোমরে রংধনুর বিছা পরত। একদিন বৃষ্টি এক সুদর্শন পুরুষকে বিয়ে করল। এরপর ওদের তিনটি অপরূপ সুন্দরী কন্যাসন্তান ভূমিষ্ঠ হলো। মেয়েরা যখন বড় হলো, একদিন বড় মেয়ে বায়না ধরল নিচে, পৃথিবীতে বেড়াতে যাবে। অনেক অনুনয়-বিনয়ের পর মা-বাবা রাজি হলো। সে পাহাড়ের ঢালে, জলে, সমতলে বেড়াতে বেড়াতে এসে ঢুকল এক গহিন জঙ্গলে। সেখানে সে দেখা পেল এক সুদর্শন শিকারির। ওদের প্রেম হয়ে গেল এবং ওরা বিয়ে করল। বৃষ্টির বড় মেয়ে আর আকাশে ফিরে গেল না। সে তার শিকারি স্বামীর সঙ্গে পৃথিবীতেই সংসার পাতল।মেয়েটি যখন পৃথিবীতে এত সব কাণ্ড করছিল, তখন ওর মা বৃষ্টি এক ফুটফুটে পুত্রসন্তান প্রসব করল। ছেলেটির নাম রাখা হলো পুত্র-ইব। পুত্র-ইব যখন যুবক, তখন তার বোনেরা বায়না ধরল, তিন ভাইবোন মিলে পৃথিবীতে বেড়াতে যাবে। কিন্তু বৃষ্টি কিছুতেই রাজি হয় না। কারণ, পৃথিবীতে গেলে ওরা হয়তো আর ফিরে আসবে না—এই ভয়ে মায়ের মন কেঁপে ওঠে। মেয়েরা নাছোড়বান্দা। ওদের পারিবারিক বন্ধু হাওয়া-নেকড়ে দেখল, মেয়েদের আবদারের মধ্যে অন্যায় কিছু নেই। সে বৃষ্টির স্বামীকে বলল, ‘ওদের যেতে দাও। এই সফর ওদের শিক্ষাগ্রহণের জন্য ভালো হবে। তা ছাড়া আমিও ওদের সঙ্গে যাব।’ বৃষ্টির বাধা সত্ত্বেও মেয়েদের বাবা ওদের পৃথিবীতে যাওয়ার অনুমতি দিল। মেয়েরা তখন নাচতে নাচতে আকাশ থেকে পৃথিবীতে নেমে এল।পৃথিবীর নানা দ্বীপ, মরু ঘুরে ওরা এসে উঠল এক গ্রামে। এই গ্রামে কিছু খুব ভালো লোক আর কিছু খুব দুষ্টু লোক বাস করত। এক বুড়ি ওদের পাশ কেটে যেতে যেতে পুত্র-ইবের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, ‘এটা কী করে হয়? এই ছেলের চোখের ওপর দেখি আমার মায়ের ভুরু।’ মহিলা তাদের মধ্যাহ্নভোজনের আমন্ত্রণ জানাল। কিন্তু হাওয়া-নেকড়ে পুত্র-ইবকে কিছুই খেতে দিল না। মেয়েরা অবশ্য হাওয়া-নেকড়ের সঙ্গে বুড়ির বাড়িতে মজা করে খেল। ওরা যখন খেয়েদেয়ে এক সবুজ মাঠে হাওয়া খেতে বের হলো, তখন পুত্র-ইবের মাথার ওপর দিয়ে ওড়ার সময় সে এক লাল মুনিয়া পাখিকে খপ করে ধরে ফেলল। ধরেই কোটের পকেটে লুকিয়ে ফেলল।সেই রাতে বুড়ি তাদের তার বাড়িতে রাত্রিযাপনের আমন্ত্রণ জানাল। কিন্তু হাওয়া-নেকড়ে পুত্র-ইবকে ঘরে ঢুকতে দিল না। বলল, ‘তুমি আমার সঙ্গে ওই কুঁড়েঘরে ঘুমাবে।’ যখন চারদিক অন্ধকার হয়ে এল, তখন নেকড়ে উঠে গ্রামের সব দুষ্টু লোককে ডেকে এনে বলল, ‘এই কুঁড়েঘরটি আগুনে পুড়িয়ে দাও।’ দুষ্টু লোকেরা তা-ই করল। পুত্র-ইব অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করল। কিন্তু যখন ঘরের চালটি খসে পড়ল, তখন লাল মুনিয়া পাখিটি ফুড়ুৎ করে উড়ে গেল। সে উড়তে উড়তে আকাশে চলে গেল। আকাশে গিয়ে পুত্র-ইবের মা বৃষ্টির চারপাশে চক্রাকারে ঘুরে ঘুরে গান করতে লাগল—পুত্র-ইব মরল পুড়ে/জানল না তার দুই বোন/নেকড়ে বেটা দুষ্টু ভারি/ভেবেছিলে আপনজন?বৃষ্টি তখন তার স্বামীকে বলল, ‘শুনতে পাচ্ছ লাল মুনিয়া কী বলছে? ওরা আমাদের প্রিয় ছেলে পুত্র-ইবকে পুড়িয়ে মেরেছে। তুমি, যার নাম অগ্নিশিখা, এখন কী করবে?’কিছুক্ষণ পর গ্রামের সব ভালো এবং মন্দ লোক দেখল, আকাশ থেকে এক কালো মেঘের ঝড় অতি দ্রুতগতিতে নেমে আসছে, যার মাঝখানে এক সাতরঙা রংধনু চমকাচ্ছে। সঙ্গে সঙ্গে বজ্রপাত শুরু হয়ে গেল। এখানে-সেখানে বাজ পড়তে লাগল এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হাওয়া-নেকড়ে এবং গ্রামের সব দুষ্টু লোক মরে গেল। তখন থেকেই আফ্রিকার আদি মানুষেরা রংধনুকে এত ভয় করে।(আফ্রিকার রূপকথা)কাজী জহিরুল ইসলামআবিদজান, আইভরি কোস্ট।