বৃষ্টি চত্বরে যত আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম বৃষ্টি চত্বর। কিন্তু বৃষ্টি ছাড়াও সারা বছর তা কাজে লাগে। পয়লা বৈশাখ, বসন্তের প্রথম দিন, একুশে ফেব্রুয়ারির ভাষা দিবস, ভালোবাসা দিবসসহ বছরের বিশেষ দিনগুলো মহা ধুমধামে পালিত হয় কক্সবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসের এই জায়গায়। আর বৃষ্টি হলে তো কথাই নেই। শিমুলগাছের নিচে ইট-পাথর দিয়ে তৈরি এই চত্বরে দল বেঁধে মেয়েরা নেমে পড়ে আনন্দের বৃষ্টি ভেজা উৎ সবে। তখন এর গুরুত্ব যেন বেড়ে যায় তাদের কাছে। মূলত সারা বছর এই চত্বরকে ঘিরে তাদের যত আনন্দ, হাসি আর গান। কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, ‘কলেজে ওদের উচ্ছলতা দেখে ভালো লাগে। ওদের কোলাহল দেখে নিজের ছেলেবেলার কথা মনে পড়ে যায়। রেইন স্কয়ার বা বৃষ্টি চত্বরটি আমি ওদের (ছাত্রীদের) জন্য নির্মাণ করে দিয়েছি। ওরা খুশি থাকলে আমিও খুশি। রেইন স্কয়ারটি কলেজে আরেক নতুন পরিবেশ সৃষ্টি করেছে।’সবুজ গাছপালায় ঢাকা কলেজ ক্যাম্পাসের উত্তর কোনায় এই বৃষ্টি চত্বর। এর পশ্চিমে ছাত্রীদের চারতলা আবাসিক হোস্টেল। দক্ষিণে শহীদ মিনার। গত সোমবার বিকেলে ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, পাশের হোস্টেল থেকে নেমে ছাত্রীরা বৃষ্টি চত্বরে জড়ো হয়ে আনন্দ-উল্লাসে মেতেছেন। অনেকে বৃষ্টিতে ভিজে সবুজ মাঠে দৌড়ঝাঁপ দিচ্ছেন।কয়েক দিন আগে বৃষ্টি চত্বরে বসেই গান করছিলেন কলেজ ছাত্রী পুষ্পা, আসমা, মেরী, নাজনীন আর সালমা। সালমা বলেন, কলেজে প্রতিযোগিতায় গান করতে কেমন যেন ভয় ভয় লাগে। কিন্তু এখানে বসে গান করতে ভালো লাগে, মজা পাই। কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রোকসানা আকতার, হিমু সুশীল, জান্নাতুন নাইম, জিপসী চৌধুরী, আসমা উল হুসনা—সবাই সমস্বরে বৃষ্টি চত্বরের প্রশংসাই করলেন। জানালেন, বৃষ্টি চত্বরে আড্ডা দিতে তাঁদের খুব ভালো লাগে। বৃষ্টি চত্বর ওঁদের কলেজজীবনের স্মৃতিকে রঙিন করে রাখবে চিরদিন।