বৃষ্টি দিনে পোশাকের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে বসে বৃষ্টির রিনিঝিনি শুনতে কার না ভালো লাগে। বিপত্তিটা বাধে ঘর থেকে বের হলে। পোশাক-আশাকে টিপটপ আপনি, হঠাৎ নামা একপশলা বৃষ্টিতে কাদাপানিতে ভিজে একাকার হয়ে যেতে পারেন। নিজের যত্নের পাশাপাশি তখন যোগ হয় ভেজা পোশাকের বাড়তি যত্নের বিষয়টি। শুধু তা-ই নয়, আলমারিতে সযত্নে তুলে রাখা পোশাকটিরও প্রয়োজন যত্নের। এ নিয়ে পরামর্শ দিয়েছেন চরকার ফ্যাশন ডিজাইনার জাবেদ কামাল।বর্ষার সময় পোশাক নির্বাচনে একটু সচেতন হলে কমে যায় পোশাক পরিচর্যার বাড়তি কষ্ট। মেয়েরা পাতলা সুতি ও শিফনের পোশাক বেছে নিতে পারেন। এতে বৃষ্টিতে ভিজলে পোশাকটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ছেলেদের ক্ষেত্রেও একটু পাতলা কাপড়ের দিকে গুরুত্ব দেওয়া ভালো। হালকা জিনস, টি-শার্ট বেছে নিতে পারেন। পাঞ্জাবি, ভারী প্যান্ট—এগুলো না পরাই ভালো। রঙের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে গাঢ় রংগুলোকে, যেমন সবুজ, নীল, লাল, কমলা। তাহলে কাদাপানির দাগটি খুব স্পষ্ট হবে না। এখন একধরনের কাপড় পাওয়া যায়, যাকে মিক্সড কটন বলে। সুতির ফাঁকে ফাঁকে সিনথেটিক তন্তু দিয়ে তৈরি এ কাপড়। এটি বর্ষাকালে আরামদায়ক যেমন, তেমনি ধোয়া ও শুকানোর জন্যও ভালো। বৃষ্টির দিনে তো আর উৎসব থেমে থাকবে না। আর উৎসবে যোগ দিতেও একেবারে সাদামাটা পোশাক চলবে না। সে ক্ষেত্রে জয় সিল্ক, সিল্ক, মসলিন মিশেল বা সুতি শিফন মিশেলের পোশাক পরা যেতে পারে। এগুলো বৃষ্টিতে ভিজে গেলে তত ক্ষতি হয় না। তবে এসব পোশাকের ক্ষেত্রে হালকা রং বেছে নিতে হবে।আলমারিতে তুলে রাখা কাপড়গুলো বৃষ্টির দিনে স্যাঁতসেঁতে হয়ে যায়। এতে রং নষ্ট হয়, কাপড়ের সুতাও দুর্বল হয়ে যায়। তাই নিয়মিত কাপড় রোদে শুকিয়ে নিতে হবে। অন্তত মাসে একবার ভারী ও জমাকালো পোশাকগুলো নাড়াচাড়া করতে হবে। মসলিন, সিল্কের মতো পাতলা কাপড়ের পোশাকগুলোকে রোদে বেশিক্ষণ না রেখে ছায়া ও বাতাস আছে এমন স্থানে মেলে দেওয়া ভালো। অনেক সময় গাঢ় রঙের কাপড় রোদে রং জ্বলে যায়। সে ক্ষেত্রে কড়া রোদে এ ধরনের কাপড় বেশিক্ষণ না রাখা উচিত। অনেকেই তুলে রাখা পোশাকে অতিরিক্ত ন্যাপথলিন ব্যবহার করেন। এটি ঠিক নয়।তেজপাতা, নিমপাতা—এ ধরনের প্রাকৃতিক শুকনো পাতা রাখতে পারেন আলমারিতে। তবে খেয়াল রাখুন, সেটি থেকে যেন পোকা না হয়। বৃষ্টিতে ভিজে যাওয়া পোশাকের যত্নের পরামর্শ দিলেন ক্যালকাটা ড্রাই ক্লিনার্সের পান্থপথ শাখার পরিচালক জাহাঙ্গীর আলম। বৃষ্টিতে ভেজা কাপড়গুলো প্রাথমিকভাবে বাতাসে মেলে দিতে হবে। বারান্দায়, ছাদে অথবা ফ্যানের বাতাসে যেকোনো জায়গায় দিতে পারেন। ভেজা কাপড়গুলো পুরোপুরি শুকিয়ে নিতে হবে, নতুবা কাপড়ে তিলা পড়তে পারে। যদি কাপড়ে কাদাপানি লেগে যায়, সে ক্ষেত্রে ঠান্ডা পানিতে কাপড়টি আলতো করে ধুয়ে ময়লা সরিয়ে নিতে হবে। রঙিন কাপড়গুলো থেকে বৃষ্টির পানির কারণে রং ছড়িয়ে যেতে পারে। এ কাপড়গুলো অন্য কাপড় থেকে আলাদাভাবে পানিতে ভেজাতে ভুল করবেন না।দাগ তুলতে কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। সুতির ক্ষেত্রে অধিকক্ষণ রাখলেও সিল্ক বা অন্য ধরনের মৃদু কাপড়গুলো অল্প সময় ভিজিয়ে রাখুন। দাগ যদি দীর্ঘস্থায়ী হয়ে বসে, তবে দাগ তুলতে কিছু রাসায়নিক ব্যবহার করতে পারেন। গরম কাপড়ে হাইপো, সুতি কাপড়ে সোডা, ক্লোরিন দিয়ে দাগ তুলতে পারেন। তবে সেগুলো বেশিক্ষণ লাগিয়ে রাখলে কাপড়ের ক্ষতি হতে পারে। কাদার দাগ তুলতে লেবু বা ভিনেগার ব্যবহার করতে পারেন। এটি মেখে মেলে দিলে দাগ উঠে যায়। তবে আপনার সুন্দর পোশাকটির ক্ষেত্রে নিজে নিজে ঝুঁকি না নিয়ে ভালো কোনো লন্ড্রির সহায়তা নেওয়াই ভালো।