বৃষ্টি দিনের ব্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিরোধক ব্যাগই উপযুক্ত এ মৌসুমের জন্য। মডেল: শান্তা, ছবি: সুমন ইউসুফ
পানিরোধক ব্যাগই উপযুক্ত এ মৌসুমের জন্য। মডেল: শান্তা, ছবি: সুমন ইউসুফ

অন্য সময় চিন্তা না করলেও, বাড়ি থেকে বের হওয়ার আগে একটু ভেবে নিতে হচ্ছে এখন। কারণ, যেকোনো সময় বৃষ্টির পানি এসে ভিজিয়ে দিতে পারে আপনাকে এবং আপনার সঙ্গে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র বোঝাই ব্যাগটিকে। এতে ব্যাগের মধ্যে থাকা জিনিসপত্র নষ্ট হবে। তাই ব্যাগ নিয়ে বর্ষায় চাই বিশেষ ধরনের প্রস্তুতি। ফ্যাশনেবল ও মানানসই ব্যাগ বর্ষায় আপনাকে করতে পারে সবার থেকে আলাদা। বর্ষায় ব্যাগবিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।
পানিরোধক ব্যাগ ব্যবহার করুন
বৃষ্টির পানিকে সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব ব্যালিস্টিক নাইলন এবং পলিইউরেথিন কোটিং দেওয়া পানিরোধক ব্যাগ দিয়ে। এখন নানা রঙের, নানা ডিজাইনের ওয়াটারপ্রুফ ব্যাগ পাওয়া যায় বাজারে। ব্যাগগুলো বর্ষায় ট্রেন্ডি হওয়ায় ফ্যাশনেও ঘাটতি থাকে না।

.
.

ব্যাগটিকে মুড়িয়ে নিন
পছন্দের ব্যাগ পরিবর্তন করতে না চাইলে আপনি বর্ষার দিনে বাইরে বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে ব্যাকপ্যাক কভার অথবা একটি পলিথিনের বড় ব্যাগ নিয়ে বের হবেন। যখনই বৃষ্টি আসবে, পলিথিন দিয়ে মুহূর্তেই ব্যাগটি মুড়িয়ে নিতে পারেন।
হরেক রকমের নতুন ব্যাগ
বাজারে রয়েছে মোটা কাপড়, র‌্যাক্সিন, সিনথেটিক, অনিস্টিক লেদার ও প্লাস্টিক ব্যাগের সমাহার। কাপড়ের ব্যাগগুলো কটন ও পলিয়েস্টারের দুটি মিশ্রণে তৈরি। বৃষ্টি হলেও পানি ভেতরে ঢুকতে পারবে না। ব্যাগের তালিকায় এই সময়ের অন্যতম জনপ্রিয় হলো স্বচ্ছ ব্যাগ। ভেতরের সবকিছু দেখা গেলেও তরুণেরা এ ব্যাগের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। ছেলেমেয়ে উভয়ের কাছে পিঠের সঙ্গে ঝুলিয়ে নেওয়া ন্যাপস্যাক খুব জনপ্রিয়। আর শুধু ছেলেদের জন্য আছে ব্যাকপ্যাক। অ্যাডিডাস, ক্যামেল মাউন্টেন, ডিসি মিলান, পাওয়ার, সেইন্ট ইগল, এইচপি, অ্যালেস, উবি গেটস, ইকোলাক, উলভকিং, নেইরাডো, লা পাজিট লেদার, পোর্টেবল, স্টার ড্রাগন ব্র্যান্ড প্রতিনিয়ত নিত্যনতুন ব্যাগ নিয়ে আসছে বাজারে।

.
.

দরদাম
সুতি ও পলিয়েস্টারের তৈরি কাপড়ের ব্যাগের দাম ৪০০ থেকে ৯০০ টাকার মধ্যে। গ্যাবার্ডিন কাপড়ের ব্যাগের দাম পড়বে ১৫০ থেকে ১২০০ টাকার মধ্যে। অনিস্টিক লেদারের ব্যাগের দাম পড়বে ৬০০ থেকে ২৫০০ টাকা। স্বচ্ছ ব্যাগ পাওয়া যাবে ৪০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। এ ছাড়া বৃষ্টির দিনে ব্যবহার উপযোগী র‌্যাক্সিন ও সিনথেটিক কাপড়ের ব্যাগ পাবেন ৩৫০ থেকে ৮০০ টাকার মধ্যে। বর্ষায় ল্যাপটপকে বাঁচাতে ব্যাগ কিনতে পারেন ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। ব্যাগপ্যাকের দাম ১২০০ থেকে ২০০০ টাকা।
কোথায় পাবেন
বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, আজিজ মার্কেট, বঙ্গবাজারে রয়েছে ব্যাগের বড় বড় শোরুম ও বিক্রয়কেন্দ্র। মার্কেট ভেদে একই ব্যাগের দামে হেরফের লক্ষ করা যায়। তাই একটু ঘুরে দেখে ব্যাগ কেনা ভালো। মোহাম্মদপুরের ব্যাগ প্যাকার্স ও আজিজ মার্কেটের ফোর ডাইমেনশনস নিজেদের শোরুমে বর্ষার জন্য উপযোগী বিশেষ ব্যাগ এনেছে।