বৃষ্টি নেই তবু সড়কে পানি
বৃষ্টি নেই, তবু সড়কে কাদা–পানি। কি শীত কি গ্রীষ্ম, দৃশ্যটি সারা বছরই দেখা যায় সাতকানিয়া পৌরসভা সদরের মুচিপট্টি সড়কে। উপজেলা প্রশাসনের বড় দিঘির পাশে অবস্থিত সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে নাকাল হতে হয় এলাকাবাসীকে।
আধা কিলোমিটার দীর্ঘ এই সড়কের অর্ধেকটা জুড়েই এমন নোংরা পানির রাজত্ব। সড়কের দুই পাশে কাঁচা-পাকা ঘরবাড়ি। পানি সরার জন্য কোনো নালা না থাকায় ঘরবাড়ির ময়লা–আবর্জনা ও উপচে পড়া পানি সড়কে জলাবদ্ধতা তৈরি করছে। সম্প্রতি সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০-২৫ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর (এলজিআরডি) সড়কটি নির্মাণ করেছিল। এরপর গত ১০ বছরেও সড়কটির সংস্কার হয়নি। প্রতিবছর বর্ষা মৌসুম এলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে।
সড়কের পাশের বাসিন্দা মো. দিদারুল আলম (৪৩) ও মোহাম্মদ ইদ্রিচ (৪২) প্রথম আলোকে বলেন, নালা-নর্দমা না থাকায় এলাকার বসতবাড়ির ব্যবহারের পানি সড়কের ওপর এসে জমছে। এ কারণে সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী ও পথচারীদের ভোগান্তি বাড়ছে।
দিদারুল আলম আরও বলেন, বছর দশেক আগে স্থানীয় লোকজন নিজের প্রয়োজনে সড়কের পাশে ছোট আকারের নর্দমা নির্মাণ করেছিল। সেটি বর্তমানে নষ্ট হয়ে গেছে। নতুন করে নালা-নর্দমা নির্মাণের জন্য জনপ্রতিনিধি ও পৌরসভা কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তারা কেবল আশ্বাসের বাণী শুনিয়েছে। কাজের কাজ কিছুই হয়নি।
সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মোর্শেদ প্রথম আলোকে বলেন, সড়কের জলাবদ্ধতা নিরসনের জন্য নালা তৈরির বিষয়ে মেয়রের কাছে জানানো হয়েছে। বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান প্রথম আলোকে বলেন, বরাদ্দ পেলে সড়ক ও নালা-নর্দমা নির্মাণের কাজ শুরু হবে।
এ বিষয়ে পৌরসভার সহকারী প্রৌকশলী বিশ্বজিৎ দাশ বলেন, সড়ক নিমার্ণের সময় পানি নিষ্কাশনের বিষয়টি ভাবা হয়নি। এখন নতুন করে সড়কটি নির্মাণ করা হবে। তবে কবে নির্মাণকাজ শুরু হবে, তা বলা যাচ্ছে না।