বৃষ্টি নেই, তবু সড়কে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ ধরে ফটিকছড়িতে ভারী বৃষ্টিপাত হয়নি। অথচ নাজিরহাট পৌরসভার কুতুবশাহ বাড়ি সড়কে জমে থাকা পানি দেখে মনে হবে এই বুঝি বৃষ্টি বন্ধ হলো।
সরেজমিনে দেখা যায়, সড়কটির মুখেই নর্দমা। সেখান থেকে পানি উপচে পড়ছে সড়কে। পথচারীরা নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করছে। যানবাহন চলাচলের সময় নোংরা পানি ছিটকে পড়ে অনেকের জামাকাপড় নষ্ট হচ্ছে।
স্থানীয় লোকজন বলেন, এই সড়ক দিয়ে আবাসিক এবং পৌর এলাকার কয়েক হাজার বাসিন্দা চলাচল করে। একই সড়কে রয়েছে বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়। সড়কের মুখের নর্দমা অনেক দিন ধরে পরিষ্কার না করায় পানি সড়কে এসে পড়ছে।
নাজিরহাট বাজারের ব্যবসায়ী মুহাম্মদ এয়াকুব বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে পানি জমে একাকার হয়ে যায়। পাশের জমির তুলনায় সড়কের উচ্চতা কম হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।
নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী বলেন, বৃষ্টির সময় ওই সড়ক দিয়ে হাঁটাও দায় হয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা কমিয়ে দেয়।
এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সড়কটিতে জমে থাকা পানিনিষ্কাশনে এবং নর্দমা পরিষ্কার করতে তিনি একাধিকবার সংশ্লিষ্ট বিভাগের লোকজনকে বলেছেন। কিন্তু কাজটি যে হয়নি তা তাঁর জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।