বৃষ্টি বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার সবচেয়ে প্রিয় জিনিস কী জানো? বৃষ্টি। কারণ, কোনো এক বৃষ্টির দিনেই তুমি আমাকে তোমার মনের কথা বলেছিলে। ঝুম বৃষ্টি হচ্ছিল সেদিন। আমি দাঁড়িয়ে ছিলাম আমাদের ডিপার্টমেন্টের বারান্দায়। তুমি কোত্থেকে এক বাইকে চড়ে কাকভেজা হয়ে এসে দাঁড়ালে আমার সামনে। আমার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলে। একটু পরে আমার হাতে একটা খাম দিয়ে কিছু না বলে চলে গেলে।তারপর...বৃষ্টি থামল। আমি হলের বিছানায় বসে খুব যত্ন করে তোমার দেওয়া খামটা খুললাম। একটি চিঠি ছিল ভাঁজ করা। তার ভেতর কিছু গোলাপের পাপড়ি।তোমার মনে আছে, চিঠিতে কী লিখেছিলে? রবিঠাকুরের একটা কবিতা। লিখেছিলে, ‘শুনেছি আমারে ভালোই লাগে না, নাই বা লাগিল তোর কঠিন বাঁধনে চরণ বেড়িয়া, চিরকাল তোরে রব আঁকড়িয়া।’তার দুই দিন পর। আমি হলে ঢুকব। দেখি, তুমি গেটে দাঁড়িয়ে আছ। কাছে যেতেই বললে, ‘আমার চিঠির উত্তর দিলে না?’ তারপর নীরবতা ভেঙে আবার বললে, ‘উত্তরটা দিয়ে যেয়ো। আমি দাঁড়িয়ে থাকব।’ উত্তরে আমি শুধু লিখেছিলাম, ‘আমাকে কখনো একা ফেলে যাবে না তো?’ সেই থেকে আমাদের প্রেমের শুরু। তারপর পালিয়ে বিয়ে। প্রথমে কেউই মেনে নেয়নি। না তোমার পরিবার, না আমার।বিয়ের দুই দিন পর আমি নাশতা তৈরি করছি তোমার জন্য। হঠাৎ দেখি, তুমি ইউনিফর্ম পরে বাইরে যাচ্ছ।বললাম, কোথায় যাও? স্যার ডেকেছেন।কেন?তোমাকে বিবাহ করার অপরাধে শাস্তি দেবেন? কী শাস্তি?২৬ বছর বয়সের আগে সেনাবাহিনীর লোকজনের বিয়ে করার সর্বোচ্চ শাস্তি ‘বরখাস্ত’, সর্বনিম্ন শাস্তি ‘মাফ’।ও মা, এখন?এখন আর কী? যেতে বলেছেন, যাব।যদি চাকরি চলে যায়?তাহলে...সুন্দরবন চলে যাব। একটা তাঁবু বানিয়ে আমরা দুজন থাকব। নদীর জলে বৃষ্টির শব্দ শুনব। পাখির ডাকে ঘুম থেকে উঠব...পাখির ডাক না বলে বলো যে বাঘের ডাক!জ্যোৎস্না দেখতে দেখতে ঘুমাব।অমাবস্যা রাতে কী করব? তোমাকে ভূতের গল্প শোনাব।খাব কী?নদীর জল, গাছের ফল...। ইস্, কখন যে চাকরিটা যাবে।...তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাও।মেজর ইকবাল, সাদাতের দিকে কড়া চোখে তাকিয়ে আছেন। ভাবখানা এমন যে সে কোনো এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এইমাত্র সে পৃথিবী নামের একটি গ্রহ ধ্বংস করে এসেছে। সাদাতের বুক ঢিব ঢিব করছে। সে অবশ্য জানে, স্যার তাকে কঠিন কোনো শাস্তি দেবেন না। তাকে স্যার খুবই স্নেহ করেন। তার পরও একটু ভয় লাগছে। পুরো রুম থমথমে। পিঁপড়ে হেঁটে যাওয়ার শব্দও যেন কানে আসে। মেজর রাগী স্বরে বললেন, ‘কী করেছ তুমি? কী শুনি এসব?’ দীর্ঘ তিন মিনিট নীরবতা পালনের পর সাদাতের উত্তর, ‘এবার মাফ করে দেন স্যার, আর কখনো করব না।’ তোমার এই হাবামার্কা কথা শুনে স্যারের মন গলে গেল। স্যার তোমাকে সর্বনিম্ন সাজাটাই দিলেন।সুখেই কাটছিল আমাদের দিনগুলো। বাচ্চার খুব শখ ছিল তোমার। তুমি তার নাম রেখেছিলে পুণ্য। তুমি বলতে, ‘আমি আমার বাচ্চাকে হাত ধরে ধরে হাঁটতে শেখাব, একটু একটু করে কথা বলতে শেখাব, সা রে গা মা বলে গান শেখাব। দেখো, সে অনেক বড় হবে।’হ্যাঁ, তোমার মেয়েটা আজ অনেক বড় হয়েছে। তার বয়স তিন মাস। জানো, সে তার ছোট চোখ দুটো তুলে তাকিয়ে থাকে দেয়ালে টাঙানো তোমার ছবির দিকে। সে কি বুঝতে পারে যে তুমিই তার না দেখা বাবা। সে কি বুঝতে পারে, এই পৃথিবীতে তার সবচেয়ে আপন যে মানুষটা, তাকে সে কোনো দিন দেখতে পাবে না, তার আদর পাবে না। আচ্ছা, তুমি কি দেখতে পাও ওকে? শুনতে পাও তোমার স্বপ্নকন্যার বুকের ভেতরের হাহাকার? আমাদের চোখের জল কি তোমাকেও কাঁদায়?জানো, আমার খুব কষ্ট হয়, আবার গর্বও হয়। গর্ব হয় কারণ, আমার মেয়ে বড় হয়ে সবাইকে বলবে, ‘আমার বাবা দেশের জন্য জীবন দিয়েছে। আমি শহীদ ক্যাপ্টেন সাদাতের মেয়ে।’সাদিয়া জাহানঢাকা বিশ্ববিদ্যালয়।