বৃষ্টি বন্ধু আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে বন্ধুদের আড্ডা আর ​ক্যারম খেলা। মডেল: সৌরভ, রেইন, সামির, জেরিন ও তানভীর। ​ছবি: অধুনা
চলছে বন্ধুদের আড্ডা আর ​ক্যারম খেলা। মডেল: সৌরভ, রেইন, সামির, জেরিন ও তানভীর। ​ছবি: অধুনা

ক্লাস ছুটি। বৃষ্টিমুখর দিন। কতক্ষণই বা ঘরে বন্দী থাকা যায়। নওরীন মুনিরের জন্য বিষয়টি যেন আরও কঠিন! তাই তাঁর বাসাতেই ডাক পড়ে বন্ধুদের। ফেসবুকের ক্লোজড গ্রুপে পোস্ট হতেই দলের সবাই হাজির। গিটারে টুংটাং—চলতে থাকে গান, গল্প, আড্ডা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওরীন বলেন, ‘বৃষ্টির দিন মানেই আমাদের জম্পেশ আড্ডার উপলক্ষ। ক্যাম্পাসে হলে তো গলা ছেড়ে গান আর হাস্যরসের কৌতুকে মেতে উঠি। কিন্তু বাসায় থাকলে আমরা কয়েকজন মিলে শুরু করি দীর্ঘ আড্ডা। আর আড্ডার রসদ হিসেবে জোটে মায়ের হাতের মাখানো মুড়ি আর নিয়মিত বিরতিতে চা!’
এদিকে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী মুন্না করিমদের দলটিও কম যান না। ‘বৃষ্টি মানেই বন্ধুর বাসায় অতর্কিত হামলা! আমরা সবাই একজোট হয়ে যেকোনো একজনের বাসায় যাই। চলে দাবার গুটি চালাচালির সঙ্গে আড্ডাবাজি।’ বলেন মুন্না।
বৃষ্টিবিলাসী কেউ কেউ কিন্তু বেরিয়ে পড়েন বৃষ্টির ছোঁয়া পেতে। ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক কলেজের ছাত্রী বিভা মোশাররফদের দলের কথা বলা যাক। বৃষ্টি মানেই যেন তাঁদের কাছে সুখের বার্তা। ক্লাস আর বাড়িতে পড়ার চাপ থেকে নিস্তার পেয়ে ক্যারম বা দাবায় হাত রাখার বৃষ্টির দিনের মতো মোক্ষম সময় আর কই! এর বাইরে বৃষ্টির ছটায় প্রাণবন্ত আড্ডা তো রয়েছেই। বিভা যেমনটি বলেন, ‘আমরা বেশির ভাগ সময় বৃষ্টির দিনে টিএসসিতে বা কারও বাসার ছাদে আড্ডার আসর বসিয়ে থাকি। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা হয় আমাদের। রাজনীতি, খেলাধুলা বা গ্ল্যামার ওয়ার্ল্ড—হেন কোনো বিষয় নেই যা বাদ থাকে!’
আর যাঁরা বাসা ছেড়ে বিশ্ববিদ্যালয় হলে থাকেন, এ পল্লিতে বৃষ্টিই কী আর তপ্ত রোদই কী—আড্ডাবাজি তো প্রতিদিনকার ব্যাপার! তবু বৃষ্টির দিনে যেন আরও নতুন মাত্রা পায় সে আড্ডা। শোনা যাক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাঈম রেজার কথা। তিনি বলেন, ‘পরীক্ষা না থাকলে রবীন্দ্রসংগীতের তালে আমাদের কার্ড খেলা জমে ওঠে। কিংবা সবাই মিলে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়ি চানখাঁরপুলে খিচুড়ি খাওয়ার জন্য।’
ঘটা করে বৃষ্টিতে ভেজার গল্প শোনা যাক বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফা মমর কাছে, ‘আমরা নিজেরাই রান্না করি, খানাপিনার সঙ্গে চলে আড্ডা। তবে ক্লাস থাকলে বৃষ্টিতে দল বেঁধে বেরিয়ে পড়ি। ভিজতে ভিজতে আয়েশ করে চা পানের মতো স্বাদ অন্য কোনো সময় পাওয়া যায় না।’