বৃষ্টি ভেজা মা
তখন ভোর। ঘুম তাড়িয়ে চোখ খুলে দেখি, বাইরে ঝুমবৃষ্টি। পেটে খিদে। নিজেরা রান্না করে খাই। বাসায় খাওয়ার মতো কিছু নেই, তাই ঘর ছেড়ে বৃষ্টিতেই বেরিয়ে পড়ি। হোটেলগুলোও খোলেনি। আনমনে মনির হোসেন লেন ধরে হাঁটি। ঝোড়ো বৃষ্টি। ছাতা মাথায় দু-একটা মানুষের দেখা মিলল রাস্তায়। নিস্তব্ধ শহর। নারিন্দা পুলিশ ফাঁড়ি ছাড়িয়ে ধোলাইখালের রাস্তা ধরে হাঁটি। রাস্তার দুই ধারে ইলেকট্রনিক যন্ত্রপাতির কারখানা। দিনের বেলা এসব রাস্তার ফুটপাত ধরে হাঁটার সুযোগ নেই। এই সকালে সব দোকানই বন্ধ। রাস্তায় ঠায় দাঁড়িয়ে ভিজছেন ৩৫-৩৬ বছরের এক নারী। তখনো আড়মোড়া ভেঙে ঘুম ভাঙেনি তাঁর ছোট্ট শিশুটির। এদিকে বৃষ্টির পানিতে পুরো এলাকা সয়লাব। হয়তো শিশুটিকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তারপর একমাত্র সম্বল প্লাস্টিকের কাগজটি শিশুর শরীরের ওপর বিছিয়ে এক পাশে ইট, আরেক পাশে দুই পায়ে ধরে নিজে দাঁড়িয়ে আছেন তিনি। বৃষ্টির বেগ কখনো বাড়ে, কখনো কমে।আমি বৃষ্টি প্রার্থনা করি। ভিজতে ভিজতে সামনে পা বাড়াই। সেই মা-টিও ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছেন। আমি ভিজছি মনের আনন্দে আর মা কাঁপতে কাঁপতে ভিজছেন তাঁর ছোট সন্তানটিকে বৃষ্টির পানি থেকে রক্ষা করতে গিয়ে, নিতান্ত বাধ্য হয়ে।সরোজ মেহেদী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়।