বৃষ্টি মাথায় ঈদ!
ঈদের দিন বৃষ্টি হবে কি হবে না—এ নিয়ে সবার মাথাব্যথা। তবে আবহাওয়া দপ্তর বলছে, এবারও বৃষ্টি মাথায় ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ। চট্টগ্রাম ও আশপাশের এলাকায় আগামী দু–তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। লঘুচাপ কেটে না যাওয়া পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ভারতের উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি শনিবার পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ হারুনুর রশিদ বলেন, লঘুচাপের কারণে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এই মেঘমালার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দু-তিন দিন এই অবস্থা থাকতে পারে।
ঈদের সময় বৃষ্টির সম্ভাবনা কেমন জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, লঘুচাপ কেটে না যাওয়া পর্যন্ত বৃষ্টি হবে। এ ছাড়া এখন মৌসুমি বায়ু সক্রিয়। পুরোপুরি বর্ষাকাল। কমবেশি বৃষ্টিপাত লেগেই থাকবে।