বৃষ্টি যখন মানবমনের অবস্থা নির্ধারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বৃষ্টি, মানে প্রাকৃতিক বৃষ্টি একজন মানুষের মন বিশ্লেষণ করার ক্ষমতা রাখে। টিম রস+আলো এ বিষয়ে একটি গবেষণা চালিয়েছে বেশ কিছুদিন ধরে। গবেষণায় সহযোগিতা করেছিলেন জনৈক করিম সাহেব, সঙ্গে গবেষণা–উপাদান হিসেবে ছিল বৃষ্টি। দেখুন ফলাফলটা।

১. করিম সাহেবের কোনো কাজ নেই। বাসায় একা একা বসে আছেন। হুট করে ঝুমঝুম বৃষ্টি নামল। করিম জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁলেন। মনের ভেতর হঠাৎ কবিত্ব মাথাচাড়া দেওয়ায় ফেসবুকে লগইন করে স্ট্যাটাস দিয়ে দিলেন, ‘এভাবে বৃষ্টি যদি সারা জীবন আমাকে ছুঁয়ে দিত...!’

২. করিম সাহেবের একটা বিয়ের দাওয়াত আছে। খুব ফিটফাট হয়ে বাসা থেকে বেরোলেন সময়মতো। বিয়েতে অনেক সুন্দরী তরুণী আসবে। গায়ে সুগন্ধি মেখে তিনি যখন অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন, তখনই নামল জনম জনমের বৃষ্টি। তারপর অটোরিকশা তো দূরের ব্যাপার, বাস, ট্রেন, রিকশা, উড়োজাহাজ—পৃথিবীর কোনো যানবাহনই কোথাও যাবে না। বেচারা করিম সাহেব ফেসবুকে লগইন করে স্ট্যাটাস মেরে দিলেন, ‘বৃষ্টি আসার আর টাইম পাইল না। বৃষ্টি এল, সিএনজি থেমে গেল, বিয়ে খাওয়া হলো না। বৃষ্টির টাইম সেন্স নাই! (রাগের ইমো)’

৩. পড়ন্ত বিকেল। করিম সাহেব প্রেমিকা নিয়ে বসে আছেন টিএসসিতে। ঝুমঝুম বৃষ্টি নামল। তার প্রেমিকা আহ্লাদী হয়ে পড়লেন। প্রেমিকার আহ্লাদ দেখে আবেগে করিম সাহেব দ্বিগুণ আহ্লাদিত হয়ে প্রেমিকাকে নিয়ে নামলেন রাস্তায়। বৃষ্টিতে ভিজলেন দুজন মিলে। পকেট থেকে মুঠোফোন বের করে পলিথিনের প্যাকেটে পেঁচিয়ে একটা সেলফিও তুললেন। তারপর সেই সেলফি ফেসবুকে আপলোড দিয়ে লিখলেন, ‘আমাদের সাথে জনম জনমের বৃষ্টি, কাকভেজা সংসার উইথ সখিনা সখস! (ভালোবাসার ইমো)’ 

৪. প্রেমিকার জন্মদিন। করিম সাহেব ইতিমধ্যে গিফট কিনে রেখেছেন। রওনা দিলেন প্রেমিকা যেখানে অপেক্ষা করছে, সেখানে। শুরু হলো বৃষ্টি, করিম সাহেব ভিজে একাকার। তার ওপর পাশ দিয়ে যাওয়া একটা গাড়ি রাস্তার সব কাদা শরীরে ছিটকে দিয়ে জীবন্ত এক মূর্তি বানিয়ে দিয়ে গেল তাঁকে। এমন সময় রাগ করাই স্বাভাবিক। ফেসবুক খুলে স্ট্যাটাস দিলেন, ‘আমি ভালো কিছু করতে গেলে বৃষ্টি কেন বাধা দেয়? বৃষ্টির মাঝে আপনারা এত রোমান্টিকতা কী করে খুঁজে পান, বুঝি না। বৃষ্টি তো উল্টা রোমান্টিকতা ধ্বংস করে দেয়। লাইক দিন, শেয়ার করুন!’
(গবেষণার এ সূত্র নিজের কিংবা অন্য কারও ওপর প্রয়োগ করে দেখতে পারেন। বিফলে মূল্য ফেরত!)