সড়কের কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ফইল্যাতলী থেকে বিওসি সড়কমুুখী প্রায় আধা কিলোমিটার সড়ক কাদা-পানিতে ভরে যায়। এ অবস্থায় গাড়ি চলাচলের সময় চালক-যাত্রী সবাই আতঙ্কে থাকেন, এই বুঝি গাড়ি উল্টে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। এমন বেহাল দশা পটিয়া-কেলিশহর-বিওসি রোড সংযোগ সড়কের। তার পরও এই সড়কে ঝুঁকি নিয়ে চলছে অটোরিকশা, টেম্পো, ট্রাকসহ বিভিন্ন রকমের যানবাহন। সিএনজিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পটিয়া ডাকবাংলো থেকে এ সড়ক দিয়ে প্রতিদিন শতাধিক সিএনজিচালিত অটোরিকশা, ৩৫টি টেম্পো, ১০-১২টি পণ্যবাহী ট্রাক এবং মাইক্রোবাস, কারসহ দুই শতাধিক যানবাহন চলাচল করে থাকে। সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ জাহাঙ্গীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের কাছ থেকে পৌরসভা কর নেয়। কিন্তু সড়কটি সংস্কার করছে না।’ সরেজমিনে দেখা গেছে, পটিয়া-কেলিশহর সড়কের বিওসি রোড সংযোগ সড়ক থেকে ফইল্যাতলী পর্যন্ত এক কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় তা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় লোকজন জানান, চার মাস আগে পৌরসভা কর্তৃপক্ষ ফইল্যাতলী থেকে বিওসি সড়কের মোড় পর্যন্ত সড়কের দুই দিকের ভাঙা অংশে মাটি ভরাট করে দেয়। কিন্তু বর্ষা শুরু হওয়ার পর মাটিগুলো কাদায় পরিণত হয়। স্থানীয় কৃষক নুরুল ইসলাম (৭০) বলেন, ‘আমার জানা মতে, এখানে গত ছয় মাসে তিনবার টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা উল্টে যেতে দেখেছি।’ এলাকাবাসী ও গাড়িচালকেরা জানান, কেলিশহর, হাইদগাঁও ও পটিয়া পৌরসভার একাংশ এবং বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ এ সড়ক দিয়ে পটিয়া সদরে যাতায়াত করেন। কিন্তু সড়কটির দুরবস্থার কারণে সবাইকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়। এ কারণে অনেকে বিকল্প পথ হিসেবে হাইদগাঁও-পাঠানপাড়ার ভেতর দিয়ে প্রায় চার কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করে থাকেন। কিন্তু সেই বিকল্প পথেরও বিভিন্ন অংশে মেকাডাম উঠে গিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। একই অবস্থা ফইল্যাতলী-কেলিশহর সড়কের হাইদগাঁও শাহ আকবরিয়া দরগাহর পশ্চিম দিকের অংশে। যোগাযোগ করা হলে পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, তিন-চার মাস আগে ফইল্যাতলী থেকে বিওসি রোড পর্যন্ত এক কিলোমিটারের কিছু কম অংশে প্রায় এক লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট করা হয়েছে। সড়কটি সংস্কারের জন্য বিএমডিএফে প্রকল্প পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে টেকসইভাবে সংস্কার করা হবে।