বৃষ্টি হলেই ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের এম এইচ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের অভাবে গাছতলায় চলছে পাঠদান। বৃষ্টি হলেই পাঠদান বন্ধ করে দিতে হয়। মাঝেমধ্যে বিদ্যালয়ের পাশে অবস্থিত মসজিদেও শ্রেণীর কার্যক্রম চলে।
২৩ জুন বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের দক্ষিণ পাশের মাঠে অবস্থিত গাছতলায় দ্বিতীয় শ্রেণীর ৪৫ জন শিক্ষার্থী পাঠ নিচ্ছে। জানতে চাইলে পাঠদানরত প্রধান শিক্ষক মো. ছরওয়ার আকতার বলেন, টিনের ছাউনি দেওয়া বিদ্যালয়টিতে চারটি মাত্র কক্ষ রয়েছে। এর মধ্যে একটি কক্ষ পরিত্যক্ত, আরেকটি কক্ষ বিদ্যালয়ের কার্যালয় হিসেবে ব্যবহূত হয়। আর দুটি কক্ষে শ্রেণীর কার্যক্রম চলে। জায়গা সংকুলান না হওয়ায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গাছতলায় বসিয়ে পাঠদান করতে হয়। তিনি জানান, বিদ্যালয়ের পাঁচটি শ্রেণীতে ৫৭৪ জন শিক্ষার্থী রয়েছে।
এত শিক্ষার্থীকে দুটি কক্ষে পাঠদান করা সম্ভব হয় না। প্রচণ্ড গরম ও বৃষ্টিতে ক্লাস করাও সম্ভব হয় না। গাছতলায় পাটি বিছিয়ে পরীক্ষাও নিতে হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে স্থানীয় কয়েকজন ব্যক্তির প্রচেষ্টায় ৩৪ শতাংশ জায়গায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বারবাকিয়া ইউনিয়নের ১২ গ্রামের শিশুরা ওই বিদ্যালয়ে পড়াশোনা করে।
প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, একটি ভবনের জন্য শিক্ষা অধিদপ্তরে অসংখ্যবার আবেদন করা হয়েছে। গত বছর উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে একটি দল ভবন নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষা করেছে। কিন্তু এখন পর্যন্ত ভবন নির্মাণ হচ্ছে কি না, তা জানা যায়নি।
পেকুয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বেলাল হোছাইন প্রথম আলোকে বলেন, পেকুয়া উপজেলার মধ্যে সবচেয়ে ভালো ফল করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু অবকাঠামোগত দিক দিয়ে খুব নাজুক অবস্থায় রয়েছে বিদ্যালয়টি। তিনি আরও বলেন, বিদ্যালয়ে একটি ভবন নির্মাণ প্রক্রিয়াধীন ছিল। কী কারণে নির্মাণ-প্রক্রিয়া থমকে আছে, তা খতিয়ে দেখা হবে।