বৃষ্টি হলেই পানি জমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হলেই পানি জমবে, এটাই যেন নিয়তি। বাকলিয়া, বাদুরতলা, শুলকবহর, মুরাদপুর, বহদ্দারহাট, খতিবেরহাট, হালিশহরসহ নগরের বেশ কিছু এলাকার প্রতিবছরের বর্ষার চিত্র একই রকম। নগরের অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায়ও পানি জমে সামান্য বৃষ্টিতে।গতকাল নগর ঘুরে দেখা যায়, গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিপাতের কারণে নগরের নিচু এলাকায় পানি জমতে শুরু করেছে। বিশেষ করে, জোয়ারের সময় বেশি বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে। এতে নগরবাসীর কষ্ট বাড়ছে। পথচারী, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। অনেক বাড়িঘর ও দোকানপাটের নিচতলা পানিতে সয়লাব হয়েছে।আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর সতর্কসংকেত প্রত্যাহার করা হয়েছে নয় দিন আগে। কিন্তু বন্ধ হচ্ছে না বৃষ্টিপাত। সাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে ১১ জুন এ সতর্কসংকেত জারি করা হয়েছিল।কর্মকর্তারা জানান, সতর্কসংকেত না থাকলেও এখন বৃষ্টি হচ্ছে সক্রিয় মৌসুমের কারণে। কখনো হালকা থেকে মাঝারি, আবার কখনো মুষলধারে, থেমে থেমে এ ঝড়-বৃষ্টির কারণে নাগরিক জীবনে দুর্ভোগ বেড়ে গেছে।আবহাওয়া অধিদপ্তরের সূত্রমতে, আগামী ২৪ ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। গতকাল সকাল নয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মোট ৬৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমের প্রভাবে এভাবে আগামী জুলাই মাসজুড়েও বৃষ্টিপাতের আভাস দিয়েছেন তাঁরা।সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, ময়লা-আবর্জনা ও পলিথিনে নালা-নর্দমা ভরে যাওয়ায় এবং বেদখল হওয়ায় বৃষ্টির পানি নামার পথ সংকুচিত হয়ে গেছে। পানি নামতে বিলম্বের কারণে কোনো কোনো এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এটা দূর করতে হলে সংশ্লিষ্ট সব সংস্থা ও পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ দরকার। এ প্রসঙ্গে করপোরেশনের জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির কারণে যেসব জায়গায় পানি জমছে, তা দ্রুত অপসারণের জন্য প্রতি ওয়ার্ডে ১০ জন করে লোক নিয়োগ দেওয়া হয়েছে। এটি সাময়িক ব্যবস্থা। এর বাইরে আমরা স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনা নিয়ে নগরের জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নিয়েছি।’