ঝুঁকিপূর্ণ ভবন: রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বৃষ্টি হলেই ভবনের দেয়াল চুইয়ে পানিপড়ে
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ছয় বছর আগে। প্রকৌশলীরা ওই সময় পুরোনো ভবন ভেঙে নতুন করে তৈরি করার পক্ষে মত দেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু সংস্কারকাজ করেই দায়িত্ব শেষ করে। এখনো সেই ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৯৬৩ সালে দুইতলা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়। এতে রয়েছে ৩০ শয্যার মহিলা ও শিশু ওয়ার্ড। এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগ, এক্স-রে কক্ষ, রোগনির্ণয়কেন্দ্র, প্রসূতি বিভাগ, সেবক-সেবিকা কক্ষ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এ ভবনে।
স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক দেবাশীষ বড়ুয়া জানান, ভবন নির্মাণের দুই দশক পর থেকে সংরক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এ নিয়ে সিভিল সার্জনের বরাবরে প্রতিবেদন পাঠানো হয়। কর্তৃপক্ষের বিশেষজ্ঞ প্রকৌশলী দল একাধিকবার পরিদর্শন শেষে ২০০৭ সালে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য চিঠি দেওয়া হলেও স্বাস্থ্য অধিদপ্তর ২০০৯ সালে ভবনটি রিপেয়ারিং করার উদ্যোগ নেয়। প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে ভবন সংস্কারকাজ করা হয়। কিন্তু সংস্কারকাজও ঠিকভাবে করা হয়নি। শুধু ভবনের ফাটা অংশে সিমেন্টের প্রলেপ দিয়ে রং লাগিয়ে সংস্কারকাজ শেষ করেন ঠিকাদার।
সরেজমিনে দেখা যায়, সিমেন্টের প্রলেপ দিয়ে ঢেকে দেওয়া হলেও ফাটলগুলো হাঁ হয়ে রয়েছে। কয়েকটি স্থান থেকে সিমেন্টের প্রলেপ খসে পড়েছে। ভবনের দেয়ালে বৃষ্টির পানি চুইয়ে পড়ার দাগ। এক্স-রে কক্ষে দেয়াল চুইয়ে শৌচাগারের পানি বের হচ্ছে।
হাসপাতালের সেবিকা হাসিনা বেগম বলেন, ‘মৃত্যুভয় নিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কক্ষের সামনে ছাদের ফাটল চোখে পড়লে মনে হয় এখন ভেঙে পড়বে।’ হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চার শতাধিক রোগী আসে। অভ্যন্তরে ৩০ শয্যার অতিরিক্ত রোগী ভর্তি থাকে। পারিবারিক স্বাস্থ্যসেবা নিতে আসে দুই শতাধিক মা ও শিশু। চিকিৎসকসহ রয়েছে কর্মকর্তা-কর্মচারীরা। ভবনটি ধসে পড়লে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ফাটলের কারণে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা ভীতসন্ত্রস্ত অবস্থায় আছে। এ ব্যাপারে সিভিল সার্জন বরাবরে চিঠি পাঠানো হবে।’