
সাতকানিয়ার পূর্ব কাটগড় এলাকার সওদাগরপাড়া। এই গ্রামের মানুষের মধ্যে এখন আতঙ্কের নাম শঙ্খ নদ। নদের ভাঙনে বিলীন হয়ে গেছে প্রতিরক্ষা বাঁধের একাংশ। ইতিমধ্যে ভাঙছে বসতঘর। ভাঙনের ঝুঁকিতে রয়েছে প্রায় ৩০০ পরিবার। বৃষ্টি হলেই নির্ঘুম রাত কাটছে গ্রামের বাসিন্দাদের।
৬ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, সওদাগরপাড়ার বাসিন্দা ফয়জুর রহমানের বসতঘরের পেছনের অংশ নদের গর্ভে বিলীন হয়ে গেছে। পাশের একটি পাকা ভবন, মসজিদ ও মাদ্রাসা যেকোনো সময় বিলীন হওয়ার অপেক্ষায় আছে। ওই পাকা ভবন, মসজিদ ও মাদ্রাসাটি নদের গর্ভে তলিয়ে গেলে পাশের প্রায় ৩০০ বসতঘরও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফয়জুর রহমানের ছেলে রফিকুল ইসলাম জানান, ৩০ আগস্ট দুপুরে স্রোতের টানে হঠাৎ নদের প্রতিরক্ষা বাঁধ ধসে পড়ে কয়েকটি স্থানে ফাটল দেখা দেয়। অল্প কিছুক্ষণের মধ্যে বাঁধের সঙ্গে আট-নয় মিটারের মতো পাড়ও নদের পানিতে বিলীন হয়ে গেছে। এ সময় বাড়ির রান্নাঘর ও শৌচাগার ভেঙে নদের পানিতে হারিয়ে যায়।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রদূতের উপদেষ্টা ফিরোজ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, নদের অব্যাহত ভাঙন ঠেকাতে না পারলে পূর্ব কাটগড় সওদাগরপাড়া সাতকানিয়ার মানচিত্র থেকে মুছে যাবে। এখন প্রতিটি মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আর বৃষ্টি হলে তো রাতে জেগে বসে থাকতে হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ড ১৯৯৫-৯৬ অর্থবছরে শঙ্খ নদের দক্ষিণ-পশ্চিম তীরের কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় সওদাগরপাড়ায় ৩০০ মিটার এলাকায় পাথরের স্পার বসিয়ে ভাঙন প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়।
গত আগস্ট মাসের শেষের দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে প্রতিরক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার এলাকা ধসে পড়ে নদের গর্ভে বিলীন হয়ে যায়।
কালিয়াইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাব্বির আহমদ ওসমানী বলেন, পূর্ব কাটগড় সওদাগরপাড়া গ্রামের ২০টি পরিবার, একটি মসজিদ ও একটি মাদ্রাসা পুরোপুরি ভাঙন ঝুঁকির মধ্যে রয়েছে। পুরো প্রতিরক্ষা বাঁধ ধসে পড়লে তিন শ পরিবারের বসতঘর নদের গর্ভে হারিয়ে যাবে।
পাউবো সূত্র জানায়, সাম্প্রতিক বন্যা ও পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিরক্ষা ও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোথাও বসতঘর বিলীন হয়ে গেছে। আবার কোথাও বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের পটিয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছি। শঙ্খ নদের ভাঙন রোধে ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে।’