বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হলেই কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার সড়কে জমে যায় হাঁটুপানি। পানি ডিঙিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীকে। সড়কে পানি জমে থাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চিরিঙ্গা এলাকায় সৃষ্টি হয় যানজট। অথচ এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কোনো নজর নেই।পৌর এলাকার লোকজন জানান, অপরিকল্পিত ড্রেনেজব্যবস্থা ও নালা ভরাট হয়ে পানি নিষ্কাশন না হওয়ায় সড়কে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। গত কয়েক দিনের বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন এলাকার সড়কে হাঁটুপানি জমে যায়। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা যাতায়াতে বিড়ম্বনার শিকার হচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার প্রায় এক কিলোমিটার অংশে জমে আছে হাঁটুপানি।পানি নিষ্কাশনে ড্রেনেজব্যবস্থা নেই বললে চলে। এ ছাড়া জলাবদ্ধতার কারণে চকরিয়া বালিকা উচ্চবিদ্যালয় সড়ক ও ওয়াপদা সড়ক একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ইসলামী ব্যাংকের সামনের প্রধান সড়কে বৃষ্টির পানি জমে থাকায় বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলে। পৌরসভার অভ্যন্তরীণ বেশির ভাগ সড়কও কাদায় ভরে গেছে।স্থানীয় ব্যবসায়ী মনছুর আলম বলেন, পৌর শহরের নালা-নর্দমা পরিষ্কার করার জন্য পৌর কর্তৃপক্ষ শতাধিক সুইপার নিয়োগ দিলেও কেউ ঠিকমতো কাজ করেন না। ফলে পুরো শহর ময়লা-আবর্জনায় ভর্তি। বৃষ্টির পানিতে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে দুর্গন্ধ ছড়ায়। এ ছাড়া অপরিকল্পিতভাবে করা হয়েছে ড্রেনেজব্যবস্থা। ফলে পানি নিষ্কাশন না হওয়ায় দুর্ভোগ বাড়ছে।পৌরসভার সাবেক মেয়র জাফর আলম জানান, তাঁর সময় শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য একটি মহাপরিকল্পনা তৈরি করে বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু প্রকল্পটি বাস্তবায়ন হয়নি।বর্তমানে পৌরসভার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে নালা-নর্দমা পরিষ্কার করা জরুরি হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে।এ প্রসঙ্গে জানতে চাইলে পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, ‘ইতিমধ্যে পৌর শহরের সড়কের পাশের নালা একাধিকবার পরিষ্কার করা হয়েছে। কিন্তু স্থানীয় বাসাবাড়ি থেকে ময়লা- আবর্জনা ফেলার কারণে নালাগুলো আবার ভরাট হয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করছে। ফলে সড়কে পানি জমে থাকছে। আর বালিকা উচ্চবিদ্যালয় সড়ক ও ওয়াপদা হিন্দুপাড়া সড়কে বালু ফেলে মানুষের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’