বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হলেই ফটিকছড়ি উপজেলার নাজিরহাট শহর এলাকার বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে যায়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে কর্তৃৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকার লোকজন জানান, অপরিকল্পিতভাবে সড়ক ও বাড়িঘর নির্মাণ এবং নালা-নর্দমা ভরাট হয়ে যাওয়ায় শহর এলাকা থেকে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে যায়। দুই-এক দিনের বৃষ্টিতেই দেখা দেয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, নাজিরহাট বাজারের আশপাশে প্রায় এক কিলোমিটার এলাকায় অভ্যন্তরীণ সড়কগুলোর বেশির ভাগ অংশ হাঁটুসমান পানিতে ডুবে গেছে। সড়ক উপচে পানি চলাচলের কারণে নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ে আসা-যাওয়ার মাধ্যম কুতুব শাহ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেসরকারি সংস্থা আশার কার্যালয়ের সামনের সড়কেও বৃষ্টির পানি জমে থাকায় চলাচল ব্যাহত হচ্ছে। এসব সড়কে ড্রেনেজব্যবস্থা নেই বললেই চলে। নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আয়শা ছিদ্দিকা ও বিবি আয়শা জানায়, কুতুব শাহ সড়কে প্রায় সময় হাঁটুসমান পানি জমে থাকায় বিদ্যালয়ে যেতে সমস্যা হয়। প্রায় সময় আধা কিলোমিটার ঘুরে নাজিরহাট বাজারের ভেতর দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। তারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানায়।স্থানীয় ব্যবসায়ী মো. দিদারুল আলম বলেন, অভ্যন্তরীণ সড়কগুলো অপরিকল্পিতভাবে নিচু করে নির্মাণ করার ফলে এসব সড়কে পানি জমে যায়। পানিতে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় প্রায়শ দুর্গন্ধ ছড়ায়। এতে লোকজনের স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী জানান, সড়কে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের সমস্যার কথা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। তবে, এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুল আলম জানান, এলাকার লোকজন নালা ছাড়া বাড়িঘর তৈরি করায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে সমস্যার সমাধান হবে। দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান এম ছালামত উল্লাহ চৌধুরী জানান, স্থানীয় ঘরবাড়ি থেকে ময়লা-আবর্জনা ফেলার কারণে নালা-নর্দমাগুলো ভরাট হয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করেছে। ফলে সড়কে পানি জমে লোকজনের দুর্ভোগ বাড়াচ্ছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, ‘অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের লোকজনকে বলা হয়েছে।’উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত বলেন, ‘উপজেলায়এ রকম খারাপ সড়ক অনেক আছে। পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে সবচেয়েখারাপ সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’