ঘোর বর্ষার দিন, বৃষ্টির ছিটেফোঁটাও ছিল না। তবে মিলনায়তনে বসে থাকা দর্শকেরা ঠিকই ভিজে গিয়েছিলেন বৃষ্টিতে। অবশ্য এই বৃষ্টি ছিল কবিতার অথবা বলা যায় বৃষ্টি হয়েছিল কবিতায়। ‘বরষণের পরশনে’ শীর্ষক কবিতা সন্ধ্যায় উপস্থিত দর্শকেরা বহুদিন পর চট্টগ্রামে একটি জমজমাট কবিতা পাঠের আসর দেখলেন। সান্ধ্য ভাষার আয়োজনে গত শুক্রবার ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত এই কবিতা পাঠের আসর শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উপভোগ্য। প্রায় ২০ জন কবি বর্ষা নিয়ে রচিত কবিতা পড়লেন। অনেকেই পড়েছেন তিন-চারটি করে। প্রত্যেকেই দর্শকের বাহবা কুড়িয়েছেন। বিষয় বর্ষা হলেও বৃষ্টিকে প্রত্যেকেই আলাদা রং-রেখায় বর্ণিল করে ফুটিয়ে তুলেছিলেন।শিল্পোদ্যোক্তা জিয়া উদ্দীন খানের সভাপতিত্বে সন্ধ্যা সাতটায় শুরু হয় বর্ষার কবিতা আসর। শুরুতে স্বাগত বক্তব্য দেন কবি আবু মুসা চৌধুরী। প্রাঞ্জল ভাষায় তিনি কবিতা রচনার ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ‘বর্ষার সঙ্গে কবিতার সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে আর একটু ঝালিয়ে নিতেই এই আয়োজন।’এরপর সভাপতি জিয়া উদ্দীন খান বলেন, ‘আমাদের পরস্পরকে জানার-বোঝার প্রয়োজন আছে। তাই এই অনুষ্ঠানে আসা।’কবি কামরুল হাসান বাদলের প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছিল। শুরুতেই বর্ষার কবিতা পাঠ করে শোনান তিনি। এরপর একে একে কবিতা পড়েন এজাজ ইউসুফী, রিজোয়ান মাহমুদ, হোসাইন কবির, ওমর কায়সার, সারাফ নাওয়ার, বিশ্বজিৎ চৌধুরী, জাফর আহমেদ রাশেদ, সাফায়াত খান, মোজাম্মেল মাহমুদ, আসমা বীথি, রুদ্র শায়ক, আকতার হোসাইন, ফারহানা আনন্দময়ী, প্রান্ত পলাশ, আবদুল ওয়াজেদ, আখতারী ইসলাম, স্বপন মজুমদার, আবু মুসা চৌধুরী ও কামরুল হাসান বাদল।রিজোয়ান মাহমুদ বর্ষার যে ছবি আঁকেন তাতে ছিল ‘খাল বিলে থই থই জল আর মাছেদের দাপাদাপি।’ দর্শক হূদয়কে বৃষ্টিস্নাত করেছেন ওমর কায়সার। তাঁর কবিতায় ছিল এমন পঙিক্ত—‘আমার তৃষ্ণার কাছে চিরঋণী শ্রাবণের ধারা’, ‘যতটা শ্রাবণ ছিল তারও বেশি ঝাপসা ছিল পথ’। বিশ্বজিৎ চৌধুরী ভরাট গলায় বেশ কয়েকটি কবিতা শোনান। ‘পাগল’, ‘ফ্যাশন শো’ ও ‘পোড়া গন্ধ’ শিরোনামে পাঠ করা কবিতাগুলো মুগ্ধ করেছে দর্শককে। ‘আষাঢ়স্য অনন্য নিশীথে’ ও ‘চিন্তা দি’ পড়ে শোনান জাফর আহমেদ রাশেদ। ‘চিন্তা দি’ কবিতার শুরুটা ছিল এমন—‘চিন্তা দিদি তুমি তো ছিলে/ নিজের গায়ে মিশে/ তোমার চোখ মিশে থাকত/ বাড়ির কার্নিশে।’ আজ বৃষ্টি হবে, রাত্রির বরষাসহ বেশ কয়েকটি কবিতা পড়লেন কবি আকতার হোসাইন। আবু মুসা চৌধুরীর ‘আন্তনগর’ কবিতায় পাওয়া যায়—‘আমি তো শ্রমণ হতে চেয়েছি, সুজাতা’ এমন পঙিক্ত। শেষ হয় কামরুল হাসান বাদলের ‘বর্ষা’ কবিতাটির মধ্য দিয়ে।