বৃষ্টিতে কপাল পুড়ছে আনোয়ারার চাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার চার শতক জমির ধান পাকে ঈদের পরপরই। কিন্তু সময়মতো শ্রমিক না পাওয়ায় তা মাড়াই করতে পারিনি। গত সপ্তাহের তিন দিনের বৃষ্টিতে পাকা ধান নষ্ট হয়েছে।’কথাগুলো বলেন আনোয়ারার জুঁইদণ্ডীর চাষি আবদুল কাদের। আবদুল কাদিরের মতো বহু চাষির খেতের পাকা ধান (রোপা আউশ) সম্প্রতি বৃষ্টির কারণে নষ্ট হয়েছে। অন্যদিকে নষ্ট হয়েছে শীতকালীন সবজির খেত।সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে নানা স্থানে জমির পাকা ধানের গোছা মাটিতে পড়ে পচন ধরেছে। আবার কোথাও কোথাও কাটা ধান মাঠে পড়ে থাকতেও দেখা গেছে। চাষিরা জানান, তিন দিনের বৃষ্টিতে এ দশা হয়েছে।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহ থেকে ধান পাকতে শুরু করলেও ঈদের কারণে শ্রমিক না পেয়ে পিছিয়ে পড়ে মাড়াইয়ের কাজ। আর যখনই চাষিরা ধান মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ধানের ক্ষতি হওয়ায় চাষিদের মধ্যে বেশ হতাশা বিরাজ করছে।আনোয়ারা উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর আনোয়ারার ১১টি ইউনিয়নে তিন হাজার ৬৫০ হেক্টর জমিতে রোপা আউশের চাষ হয়। এবার ফলনও ভালো হয়েছে। কিন্তু ধান মাড়াইয়ের সময় বৃষ্টি হওয়ায় ধান গোলায় ওঠানো যায়নি। বিশেষ করে, বারখাইন, বরুমচড়া, হাইলধর, জুঁইদণ্ডী, চাতরী, বারশত ও বটতলী ইউনিয়নে এবার বাম্পার ফলন হলেও বৃষ্টির কারণে চাষিদের ক্ষতি হয়েছে।এদিকে শুধু ধান মাড়াই-ই নয়, আগাম শীতকালীন সবজি চাষ করেও অনেকে বিপদে পড়েছেন। চাষিরা টমেটো, বেগুনসহ শীতকালীন সবজির চারা লাগালেও জমিতে পানি জমে যাওয়ায় চারা মরে গেছে বলে জানা গেছে। সবজিচাষি ইলিয়াছ মুন্সি জানান, ‘ভাদ্র মাসে বর্ষার মতো এ রকম বৃষ্টি হতে পারে ভাবিনি, বৃষ্টিতে আমার অনেক ক্ষতি হয়ে গেল।’আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান প্রথম আলোকে জানান, এবার রোপা আউশ বেশ ভালো হয়েছে। এ সময় বৃষ্টি না হলে চাষিরা আরও বেশি লাভবান হতেন।