
বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যায় সড়ক, আর রোদে ধুলাবালুর অত্যাচার। এভাবেই চলছে দিনের পর দিন। ভোগান্তি সয়ে চলাচল করতে হচ্ছে প্রতিদিন। অথচ এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। হতাশ কণ্ঠে কথাগুলো বলেন ফটিকছড়ির ধর্মপুরের হাজি মোশাররফ আলী সড়কে চলাচলকারী কলেজশিক্ষার্থী আকলিমা নাহার।
সরেজমিনে দেখা গেছে, আড়াই কিলোমিটারের সড়কটি এখন খানাখন্দে ভরা। কোথাও কোথাও গর্তের আকার ছয়-সাত ফুটের বেশি। ক্ষয়ে যাওয়া কার্পেটিংয়ে প্রায় সময় আটকে যাচ্ছে গাড়ি। সমানে উড়ছে ধুলাবালু। আশপাশের গাছে পড়েছে ধুলার আস্তরণ। জাফতনগর ইউনিয়নের ফতেপুর গ্রাম থেকে রাউজান উপজেলার সর্তা পর্যন্ত এখন আর সড়কের চিহ্নই নেই।
জানা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন ফটিকছড়ি উপজেলার ধর্মপুর, বক্তপুর, আবদুল্লাহপুর, জাফতনগর এবং রাউজান উপজেলার উত্তর সর্তা, দক্ষিণ সর্তা, হলদিয়াসহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ যাতায়াত করে। ভাঙা সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় তাদের। ২০ মিনিটের পথ যেতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। আর এ সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় করেন গাড়িচালকেরা।্র
জাফতনগরের তকিরহাট বাজারের ব্যবসায়ী মো. জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, লিখে লাভ নেই। রাস্তা খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। তার পরও কর্তৃপক্ষ পদক্ষেপ নেয় না। আর এখন বাড়তি বিড়ম্বনা অতিরিক্ত ভাড়া।
সড়কের সিএনজিচালিত অটোরিকশার চালক এনামুল হক বলেন, ‘রাস্তা যেভাবে ভেঙেছে, তাতে দিনে দুই থেকে তিনবার আসা-যাওয়া করলে গাড়ি গ্যারেজে নিতে হয়। অনেক চালক এখন এ সড়কে গাড়ি চালাতে চান না। বাড়তি ভাড়া না নিলে আমরা বাঁচব কী করে?’
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, জাফতনগর থেকে রাউজান উপজেলার উত্তর সর্তা পর্যন্ত এ সড়কের দীর্ঘদিন উন্নয়ন হয়নি, বিশেষ করে পাঁচ-ছয় বছর ধরে সড়কটিতে কোনো হাত পড়েনি।
ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মাহমুদুল জানান, সড়কটি স্থানীয় ব্যক্তিদের খুব বেশি ভোগাচ্ছে। এটি সংস্কারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিক আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস বলেন, চলতি বছর কোনো বরাদ্দ নেই। আগামী বছর সড়কটি মেরামতের জন্য বরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠানো হবে। বরাদ্দ পেলে সড়ক মেরামত করা হবে।