বৃষ্টিতে ক্ষত বিক্ষত বাঁশখালীর প্রধান সড়ক
তিন দিনের টানা বর্ষণে বাঁশখালী উপজেলার প্রধান সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এই সড়কের পুকুরিয়া, সাধনপুর, গুনাগরী, বৈলছড়ি, জলদী, চাম্বল, পুঁইছড়ি, শীলকূপ ও সাধনপুর অংশের অবস্থা একেবারেই নাজুক। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা। সরেজমিনে বাঁশখালীর গুনাগরী খাসমহল এলাকায় দেখা যায়, সেখানে প্রধান সড়কের পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনের চালকদের দাবি, এর ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সড়কের পাশে পর্যাপ্ত নালা ও পানিনিষ্কাশনব্যবস্থা নেই। এতে পানি জমে প্রধান সড়ক ক্ষতবিক্ষত হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাঁশখালী সড়কে চলাচলকারী মোহাম্মদ সালমান, তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম ও মোহাম্মদ মুফিজুর রহমান জানান, ‘একদিকে সড়ক সংস্কার হলেও অন্যদিকে সড়কের পিচঢালাই উঠে যাচ্ছে। বৃষ্টিতে সংস্কার করা সড়ক ফের নষ্ট হয়ে যাচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি মূল্যবান সময় নষ্ট হচ্ছে। ঘটছে দুর্ঘটনা।’ বাঁশখালী পৌরসভার মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী জানান, পৌর এলাকার কয়েক কিলোমিটার সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। পৌর সদরের মিয়ারবাজার ও দারোগা বাজারের অবস্থা খুবই নাজুক। দ্রুত এই সড়ক সংস্কার করতে হবে।দোহাজারী সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান প্রথম আলোকে জানান, ‘খানাখন্দ সৃষ্টি হওয়া বাঁশখালী প্রধান সড়কের বিধ্বস্ত অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সংস্কারকাজ শুরু হবে।’ বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির ইকবাল প্রথম আলোকে বলেন, ‘বাঁশখালী প্রধান সড়কের বেহাল অবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’