বৃষ্টিতে পানে মড়ক উদ্বেগে চাষিরা
কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে পানখেতে মড়ক লেগেছে। সম্প্রতি কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে পানের পাতা, কাণ্ড ও গোড়ায় পচন ধরেছে। আক্রান্ত পানগাছের চারা মরে যাচ্ছে। বাজারে পানের দাম বাড়লেও তা কাজে লাগাতে না পারায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় পানচাষিরা।
স্থানীয় পানচাষিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ৬ থেকে ১২ মার্চ পর্যন্ত সাত দিনের ভারী বৃষ্টির পর গত কয়েক দিনেও বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। এতে উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া ও শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন পানখেতে মড়ক দেখা দিয়েছে। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে পানের খেতে মড়ক দেখা দেওয়ায় এবার লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।
১৬ মার্চ সরেজমিনে দেখা যায়, উপজেলার শাপলাপুর, কালার-মারছড়া ও হোয়ানক ইউনিয়নের বিভিন্ন স্থানে পানখেতে মড়ক লেগেছে। মড়ক প্রতিরোধ করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। খেতে মরা পানের চারা তুলে করে নতুন করে পানের চারা লাগাচ্ছেন তাঁরা।
শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকার পানচাষি মোহাম্মদ কবির বলেন, সম্প্রতি সাত দিনের ভারী বৃষ্টির প্রভাবে পানখেতে মড়ক দেখা দিয়েছে। এ কারণে পানখেতে উৎপাদন ব্যাহত হচ্ছে। পান উৎপাদন কম হওয়ায় বাড়তি দামের সুফল পাচ্ছেন না তাঁরা। ফলে এ বছর পানে লাভ তো দূরের কথা, লোকসানও গুনতে হতে পারে তাঁদের।
হোয়ানক ইউনিয়নের রাজুয়ারঘোনা এলাকার পানচাষি রবিউল আলম বলেন, ভারী বৃষ্টির প্রভাবে পানখেতে মড়ক দেখা দেওয়ায় একেকজন চাষিকে ৫০ থেকে ৬০ হাজার টাকা লোকসান গুনতে হবে।
শাপলাপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইয়েদুল ইসলাম বলেন, অতিবৃষ্টির কারণে পানের বরজে রোগ দেখা দিয়েছে। এ কারণে উৎপাদনও ব্যাহত হচ্ছে। এ জন্য বাজারে পানের দামও হু হু করে বেড়ে গেছে। প্রতি বিড়া পান ৫০ টাকা থেকে বেড়ে এখন আড়াই শ থেকে তিন শ টাকায় দাঁড়িয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মহেশখালীতে ১ হাজার ৩৫০ হেক্টর পানের বরজ রয়েছে। পানের বরজের সংখ্যা প্রায় ৮ হাজার। পানচাষির সংখ্যা প্রায় ১৩ হাজার। প্রতিবছর মহেশখালীর পানের বরজগুলো থেকে ১ লাখ ৬৩ হাজার ৫০০ মেট্রিক টন পান উৎপন্ন হয়। কিন্তু ভারী বৃষ্টিতে পান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম বলেন, সম্প্রতি ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানখেতে পানের পাতা, কাণ্ড ও গোড়া পচন রোগ দেখা দিয়েছে। রোগপ্রতিরোধের জন্য ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। এ বিষয়ে ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয় চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।