বৃষ্টিতে বেহাল আনোয়ারার সড়ক
একটানা ভারী বর্ষণে বেহাল আনোয়ারা উপজেলার প্রায় সব সড়ক। পিচঢালাই উঠে গিয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সিইউএফএল সড়ক, পারকি সৈকত সড়কসহ উপজেলার প্রধান সড়কগুলো। এতে পুরো উপজেলার সড়ক যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার অন্যতম প্রধান সড়ক চট্টগ্রাম-আনোয়ারা সড়কের হাসপাতাল মোড়, থানা মোড় ও জয়কালী হাট এলাকায় পিচঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। একই হাল পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কেরও। এই সড়কের কালাবিবির দীঘির মোড়, ঈদগাহ যাত্রী ছাউনি, কিরনীরহাট ও চাতরী চৌমুহনী এলাকায় খানাখন্দের কারণে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
অন্যদিকে, সিইউএফএল সড়কের চাতরী চৌমুহনী থেকে কাফকো সেন্টার পর্যন্ত পুরো সড়কটি গর্তে ভরে গেছে। এ সড়ক দিয়ে যান চলাচল একরকম বন্ধ রয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, প্রধান সড়কের বাইরেও উপজেলার আনোয়ারা-ছত্তারহাট সড়ক, বটতলী-জুঁইদণ্ডী সড়ক, বটতলী-বরুমচড়ার তজমুল আলী সড়ক, কাফকো সেন্টার থেকে রুস্তম হাট সড়কসহ আরও কয়েকটি সড়ক বৃষ্টিতে ভেঙে গেছে।
জানতে চাইলে পিএবি সড়ক বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন বলেন, প্রায় সব কটি সড়কই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থায় সড়কে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গতি কমে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে।
উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে উপজেলার ১১টি ইউনিয়নের সার্বিক ক্ষতির পরিমাণ নির্ণয় করেছি। পরবর্তী সময়ে সড়কের ক্ষতি কতটুকু হয়েছে খতিয়ে দেখা হবে।’
আনোয়ারা উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, ‘আনোয়ারার প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো ভেঙে গেছে। আমরা জরিপ করে সড়কগুলোর মেরামতের জন্য ব্যবস্থা নেব।’
জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন বলেন, ‘সড়কের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার কাজ চলছে। আবহাওয়ার উন্নতি হলে সংস্কারকাজে হাত দেব।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা জনপ্রতিনিধিদের নিয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করছি। শিগগিরই সংস্কারকাজ শুরু হবে।’