বৃষ্টিতে বেহাল নগরের প্রধান সড়ক
কয়েক দিনের টানা বৃষ্টিতে নগরের প্রধান প্রধান কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে যানবাহন চলাচল ব্যাহত এবং তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত সড়কের অংশগুলো মেরামত করা যাচ্ছে না। এক প্রশ্নের উত্তরে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক দিনের অতি বৃষ্টির কারণে নগরের অধিকাংশ সড়কের ক্ষতি হয়েছে। সড়কে পানি জমে থাকায় অনেক স্থানে কার্পেটিং উঠে গেছে।’সরেজমিন ঘুরে দেখা যায়, নগরের জাকির হোসেন সড়ক, পোর্ট কানেকটিং সড়ক, সিডিএ এভিনিউ সড়ক, আরাকান সড়ক, শাহ আমানত সেতু সংযোগ সড়ক, স্ট্যান্ড সড়ক, ডিটি সড়ক, হাটহাজারী সড়ক ও সাগরিকা সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।জাকির হোসেন সড়কের খুলশি ১ ও ২ নম্বর সড়কের সামনের অংশ, রেল ক্রসিং এলাকার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জায়গায় সড়কের পাথর উঠে গিয়ে ছোট-খাটো গর্তের সৃষ্টি হয়েছে।পোর্ট কানেকটিং সড়কে সাগরিকা মোড় থেকে রামপুর নতুন বাজার পর্যন্ত সড়কটির পশ্চিম পাশের লেনে সৃষ্টি হয়েছে অসংখ্য খানা-খন্দক। ৩ জুলাই বেলা ১২টায় কাভার্ড ভ্যানচালক পরিমল ঘোষ বলেন, ‘মাত্র চার মাস আগে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে এ সড়কটি মেরামত করেছিল। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে এটি ফিরে এসেছে পুরোনো চেহারায়।’ সিএনজি অটোরিকশাচালক রফিক উদ্দীন আনন্দবাজার এলাকায় বলেন, ‘সাগরিকা থেকে আগ্রাবাদ এক্সেস সড়কে আসতে সময় লাগে বড়জোর ১০ মিনিট। অথচ যানজটের কারণে এখন লাগছে আধ ঘণ্টারও বেশি সময়।’ এদিকে, সিডিএ এভিনিউ সড়ক ঘুরে দেখা গেছে, মুরাদপুর মোড় থেকে বন গবেষণাগার, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে থেকে ষোলশহর ২ নম্বর গেট পর্যন্ত, আবার ২ নম্বর গেট থেকে সিঅ্যান্ডবি কলোনি পর্যন্ত সড়কটির উভয় লেনে পাথর উঠে গিয়ে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে।চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আবুল কালাম আজাদ বৃষ্টিতে ক্ষতি হওয়া সড়ক প্রসঙ্গে বলেন, ‘নিম্নমানের বিটুমিন ও পাথর দিয়ে এসব সড়কের উন্নয়ন কাজ হয়েছে, তাই তো এ অবস্থা।’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম ৩ জুলাই মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার আওতাধীন ফিরিঙ্গি বাজার, বায়েজিদ সড়ক, সাগারিকা সড়ক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়নি।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সিটি করপোরেশনের উন্নয়ন কাজে অত্যন্ত নিম্নমানের বিটুমিন ও পাথর দেওয়া হয়েছে।’ সাগরিকা সড়কের কিছু অংশে সৃষ্ট ফাটল সম্পর্কে তিনি বলেন, ‘বৃষ্টির মৌসুম শেষ হলে ওই সড়কে ‘কোট’ দেওয়া হবে।’নিম্নমানের বিটুমিন ও পাথর দিয়ে সড়কের উন্নয়ন কাজের অভিযোগ প্রসঙ্গে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, ‘যেসব ঠিকাদার কাজ করেছে তাঁদের জামানত রয়েছে। এ টাকা দিয়েই সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে।’ এদিকে, হাটহাজারী সড়কের কুলগাঁও জালালাবাদ থেকে ঝাড়ুয়ার দীঘি এলাকা পর্যন্ত অংশটিও সাম্প্রতিক বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সড়কটির এ অংশটি বর্ষা এলেই পুরোনো চেহারায় ফিরে আসে। বর্তমানে এ সড়ক দিয়ে গাড়ি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া ৩ জুলাই প্রথম আলোকে বলেন, সড়কের ক্ষতিগ্রস্ত অংশটির আশপাশে পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় বার বার ক্ষতিগ্রস্ত হয়।