বৃষ্টিবাদল উপেক্ষা করে চলছে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীর ১৪টি ইউনিয়নে বৃষ্টিবাদল উপেক্ষা করে ৭৮৭ জন প্রার্থী অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও পাওয়া যাচ্ছে কারও কারও বিরুদ্ধে। এখানে চেয়ারম্যান পদে ৮৪ জন, সংরক্ষিত নারী ইউপি সদস্যপদের ৪২টি আসনে ১৫৮ জন এবং ১২৬টি ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ৫৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি লোকের উপস্থিতির ওপর বিধিনিষেধ থাকলেও অনেক প্রার্থী কয়েক শ লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তা ছাড়া নির্বাচনী আচরণবিধি মানছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ১৪টি ইউনিয়নে নিজেদের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বলে ঘোষণা দিয়েছেন ৫২ জন। এ নিয়ে বেকায়দায় আছেন দলের নেতারা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলীয় কোনো প্রার্থীর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় একক প্রার্থী ঘোষণা দিতে একটু বিলম্ব হচ্ছে।’ এদিকে ২৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী নিজেদের বিএনপির বলে ঘোষণা দিলেও উপজেলা বিএনপির সভাপতি আলমগীর কবির চৌধুরী বলেন, বাঁশখালীতে ১৪টি ইউনিয়নে বিএনপি-সমর্থিত প্রার্থী আছেন ১৪ জনই। বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে মাঠে নেমেছেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বাঁশখালী বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর কবীরচৌধুরী।এবার বাঁশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আট ইউনিয়নে জামায়াতে ইসলামী আটজন প্রার্থী দিয়েছে। উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, ‘আমরা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে আটজন প্রার্থীকে সমর্থন দিয়েছি। এদিকে বিভিন্ন প্রার্থী প্রচার-প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।উপজেলার নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘বাঁশখালীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মৌখিকভাবে শুনলেও লিখিতভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছি।’ বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক জানান, বাঁশখালীর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ইউনিয়নে অতিরিক্ত পুলিশের টহল বাড়ানো হয়েছে। নির্বাচনে কোনো বড় ধরনের সংঘর্ষ যাতে না হয়, সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার হাসনাত তারিক প্রথম আলোকে বলেন, ‘বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগব্যবস্থা ভালো নয়। গত এক সপ্তাহে পশ্চিম বাঁশখালীর তিনটি ইউনিয়নে কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে নিয়ন্ত্রণ করেছি। কয়েক দিন পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা প্রণয়ন করা হবে।’আগামী ৫ জুলাই বাঁশখালীর ১৪ ইউনিয়ন—পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া, কাথারিয়া, সরল, কালিপুর, বৈলছড়ি, গণ্ডামারা, শিলকূপ, চাম্বল, শেখেরখীল, চনুয়া ও পুইছুড়িতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানকার মোট ভোটার দুই লাখ ২২ হাজার ৭৭১ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৩৩টি।