বৃষ্টিবিলাস
আষাঢ় এসেছে রিমঝিম বৃষ্টি নিয়ে। প্রায় প্রতিদিনই আকাশজুড়ে কালো মেঘ। বর্ষণে হয়তো কাদা-থকথক হয়ে উঠছে পথ, বিড়ম্বনা বাড়ছে চলাচলে, কিন্তু প্রকৃত বর্ষার রূপ তো এমনই হওয়ার কথা, মাঠ-ঘাট-নদী-পাহাড় বৃষ্টিস্নাত হয়ে কেমন এক অপার্থিব আবেশ আনে মনে।আমাদের বৃষ্টিবিলাস সংখ্যাটি বের হলো বর্ষার প্রথম মাস আষাঢ়েই। পাঠকের কাছ থেকে বর্ষা বিষয়ে যে লেখাগুলো এসেছে, তা বৈচিত্র্যে ভাস্বর। অসংখ্য লেখা থেকে বেছে নিয়ে যে লেখাগুলো ছাপা হলো, সেগুলোই শুধু দ্যুতিময়—এমনটা ভাবলে ভুল হবে। আমরা সব পাঠকের লেখা ছাপতে পারলাম না স্রেফ স্থানাভাবে। কিন্তু প্রতিটি লেখাতেই ছিল নিজ অভিজ্ঞতার ছাপ, তাই প্রতিটি লেখাই হয়ে উঠেছে অসাধারণ সব গল্প। মানুষের জীবনে বৃষ্টি নিয়ে এত বৈচিত্র্যময় ঘটনা আছে, তা না পড়লে কে জানত!বর্ষার সঙ্গে বিরহের একটা পোক্ত সম্পর্ক আছে। কে না শুনেছে বিদ্যাপতির দীর্ঘশ্বাস, ‘এ ভরা বাদর, মাহ ভাদর, শূন্য মন্দির মোর’, কিংবা রবীন্দ্রনাথের মন বসে না ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’? সাহিত্যে বৃষ্টি এসেছে নানাভাবে। পড়ার অভিজ্ঞতা আর নিজের অভিজ্ঞতা মিলিয়েই বর্ষার হিরণ্ময় রূপটি প্রকাশ পায়।পাঠকদের রচনাতেই ভরে আছে এবারের ‘ছুটির দিনে’র পুরো শরীর। তবে আমাদের অনুরোধে কবি বেলাল চৌধুরী বর্ষাকাল নিয়ে লিখে দিয়েছেন একটি বিশেষ রচনা। আশা করি, ভালো লাগবে আপনাদের।সবার জন্য রইল বর্ষার শুভেচ্ছা।