বৃষ্টিবেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

রেলস্টেশনে যাব। বেলা তিনটা থেকে ঝুম বৃষ্টি। বাংলাদেশের ভরা বর্ষাকেই মনে করে দিচ্ছিল যেন। দক্ষিণের পাহাড় থেকে ধেয়ে আসা ঘন মেঘের বৃষ্টি ধুয়ে-মুছে ফেলছে গোটা শহর। তীব্র বেগে ধাবমান গাড়িগুলো যেন পেয়েছে কচ্ছপগতি। ফায়ার সার্ভিসের গাড়ি ছুটছে সাইরেনের বিকট শব্দের সঙ্গে লালবাতি জ্বালিয়ে। এমন বৃষ্টি পশ্চিমে কখনো কল্পনাও করিনি। এদিকে পরদিন লস অ্যাঞ্জেলেসে একটা সভায় আমাকে উপস্থিত হতেই হবে। খুব চিন্তায় পড়ে গেলাম! এমন বৃষ্টিতে কাউকে ‘রাইড’ দিতে বলাও যাবে না। বাসস্টেশনে পৌঁছাতে কিছুটা হাঁটতে হবে। বাস থেকে নেমে তারপর ট্রেন। মেট্রোলিংকের শেষ ট্রেন তখনো ছেড়ে যায়নি লস অ্যাঞ্জেলেসের পথে।
লস অ্যাঞ্জেলেসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহকারী প্রধানকে ফোন করলাম। তিনিও চিন্তায় পড়লেন। আমরা দুজন প্রায় সময় আবহাওয়া বার্তা দেখি। কিন্তু আজ বেমালুম ভুলে গেছি। কারণ, সারাটা সকাল ছিল সোনাঝরা রোদ্দুর। টেনশনে সময় কাটছে...কী যে করি! বৃষ্টির বেগ একটু কমে আসতেই দ্রুত বেরিয়ে পড়লাম রেলস্টেশনের পথে। ফুটপাত ডুবে আছে পানিতে। কী আর করা! এক বছর ধরে কোনো দিনই আইন ভঙ্গ করিনি। আমেরিকা হলো আইন মান্যকারীদের দেশ। সেটা সর্বদা মনে থাকলেও নিরুপায় আজ। দ্রুত পার হওয়ার জন্য একটা জায়গায় দাঁড়ালাম। দুই দিক থেকেই দ্রুতগতিতে গাড়ি আসছে। পার হওয়ার সুযোগও পাচ্ছি না। ভয়ও করছে ভীষণ! কিছু একটা যদি হয়ে যায়, একেবারে সংবাদের শিরোনাম হয়ে যাব। আবার বাস মিস মানে ট্রেন মিস হওয়া। শেষ পর্যন্ত এমন এক ভোঁ দৌড় দিলাম। ধেয়ে আসা ড্রাইভার নিশ্চয়ই ভাবল আমার জীবনের মায়া নেই। অথবা ভাবল আমি একজন আইনভঙ্গকারী। পেরিয়ে গেলাম রাস্তা। তবু নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। চালকেরা নিশ্চয়ই মনে মনে ভাবল আমি কত খারাপ লোক। পা চালিয়ে যাচ্ছি। হালকা অপরাধবোধে মাথা নিচু। শেষ পর্যন্ত সময়মতোই পৌঁছালাম স্টেশনে। লস অ্যাঞ্জেলেস পৌঁছেও সেই অবৈধ রাস্তা পেরোনোর অপরাধবোধ গেল না।
রতন জ্যোতি
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র