বৃষ্টির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

সন্ধ্যার পর হাতে নিয়েছিলাম গল্পের বই। দুটো গল্প পড়া শেষ করে জানালার পর্দা সরিয়ে ওপাশে তাকালাম। শ্রাবণের রাত। সেই বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। জানালার গ্লাসে জমেছে ফোঁটায় ফোঁটায় জল। আবার গল্পের বইয়ে মনোযোগ দিই। রাত বাড়ে। ঘোর বর্ষার রাত। বইটা শেষ করে ফেসবুকে ঢুঁ মারি। বই পড়া নিয়ে একটা স্ট্যাটাসও দিই।
ফেসবুক থেকে বেরোব বলে, হঠাৎ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। নাম বৃষ্টি। আমি বন্ধুত্বের আহ্বানে সাড়া দিই। মুঠোফোনের পর্দা থেকে চোখ সরিয়ে জানালার ওপাশে আবার তাকাই। বাইরে বৃষ্টির তীব্রতা বাড়ে। সদ্য বন্ধু হওয়া বৃষ্টি আমাকে মেসেঞ্জারে নক করে। আপনি কি লেখক? আমি মুচকি হেসে উত্তর দিই না, তবে স্বপ্ন দেখি।
বাইরে শ্রাবণের বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে আমাদের কথাও এগোয়। যেন কথার ফুলঝুড়ি নিয়ে বসেছি দুজনেই।
বাইরে চাঁদের আলো, মৃদু বাতাস, টুপটাপ টুপটাপ বৃষ্টি, আমাদের কথার পিঠে কথা। কখন যে রাত পেরিয়ে যায়, সে খেয়াল কারও নেই।
সে রাতের সপ্তাহ খানেক পর। ব্রহ্মপুত্রের তীরে জয়নুল আবেদিন পার্কে দাঁড়িয়ে আছি। বর্ষায় ব্রহ্মপুত্র তার যৌবন ফিরে পেয়েছে। উত্তাল ঢেউ পাড়ে এসে আছড়ে পড়ছে। আমার ভেতরেও ঢেউ বয়ে যায়। আমার হাতে একগুচ্ছ কদম। বর্ষার ফুল। বৃষ্টির পছন্দের ফুল। আমি বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি। আজ আমাদের প্রথম দেখা হবে। আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। আকাশ গুড়ুম গুড়ুম ডেকে ওঠে। যেকোনো মুহূর্তে বৃষ্টি নামবে। নীল শাড়ি পরে গুটি গুটি পায়ে বৃষ্টি এগিয়ে আসে। মুখে হাসি নিয়ে বৃষ্টি বলে, আমার কদম কই? আমি ফুলগুলো বৃষ্টির হাতে দিই। হুট করে শ্রাবণের বৃষ্টি নেমে ভিজিয়ে দেয় আমাদের। আমি ওদিকটায় বড় ছাতার নিচে যেতে চাই। বৃষ্টি আমার হাত ধরে থামিয়ে দেয়। দুজনেই বৃষ্টিতে ভিজে যাই। এই শ্রাবণে বৃষ্টি নামের মেয়েটা আমার জীবনে এল আনন্দের বৃষ্টি হয়ে।

নাসির উদ্দীন বাকী

পদার্থ বিজ্ঞান বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়