বৃষ্টির পর নগরে নতুন উৎপাত ধুলা-বালু
বৃষ্টির পর নগরবাসীর সামনে নতুন উৎপাত হয়ে দেখা দিয়েছে ধুলা-বালু। গত মঙ্গলবারের প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলের পানিতে নেমে আসা বিপুল পরিমাণ বালু ও মাটি এখনো রাস্তাঘাটে থেকে গেছে। বৃষ্টি-পরবর্তী রোদে এসব বালু ও মাটি শুকিয়ে যানবাহনের চাপে গুঁড়ো হয়ে বাতাসের সঙ্গে উড়ছে। এতে পথচারী, বিশেষ করে হাঁপানি-ব্রংকাইটিসের রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। নগরের বেশির ভাগ এলাকা থেকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এসব ময়লা সরিয়ে না নেওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।নগর ঘুরে দেখা গেছে, ষোলশহর থেকে অক্সিজেন, অক্সিজেন থেকে কুয়াইশ সড়ক, কালুরঘাট থেকে বহদ্দারহা, বহদ্দারহাট থেকে ওয়াসা মোড়, চকবাজার থেকে বাদুরতলা, চট্টগ্রাম কলেজ রোড, সিরাজদ্দৌলা সড়ক, আগ্রাবাদ, হালিশহরসহ সর্বত্র রাস্তাঘাটের বেহাল দশা। স্থানীয় লোকজন জানান, বৃষ্টির পানিতে মাটি আর বালু রাস্তায় ভেসে এসেছে। পানি নেমে যাওয়ার পর রোদে শুকিয়ে এসব ধুলা-বালু বাতাসের সঙ্গে উড়ছে। আবার বৃষ্টির সময় এসব ধুলা-বালু কাদায় পরিণত হয়ে জনদুর্ভোগের সৃষ্টি করে। এ প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মন্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বর্ষাকালে পাহাড়ের বালু আর মাটি রাস্তায় নেমে এলে তা পরিষ্কার করতে কমপক্ষে তিন দিন লাগে। কিন্তু আমরা একবার পরিষ্কার করার পর আবার বৃষ্টি নেমে রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। ফলে নগরবাসীর সাময়িক অসুবিধা হচ্ছে।’এক প্রশ্নের জবাবে শফিকুল মন্নান সিদ্দিকী বলেন, ‘আমাদের জনবল বাড়ানোর চেষ্টা চলছে, যাতে নগরকে পরিচ্ছন্ন রাখা যায়। বিশেষ করে ঝাড়ুদার বাড়ানো হলে নগরকে আরও সুন্দর রাখা সম্ভব হবে।’খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা এক হাজার ৯৫০ জন। এর মধ্যে ঝাড়ুদার আছেন ৬০০ জন। প্রতিদিন ভোরে নগরের রাস্তাঘাটগুলো ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন রাখার কথা। কিন্তু নগরের রাস্তাগুলোয় প্রায় সময় ধুলা-বালু জমে থাকে। বর্ষাকাল ছাড়াও শুকনো মৌসুমেও ঝাড়ুদারদের তেমন কাজ করতে দেখা যায়নি। তাই দিনে দিনে নগরটি আবর্জনা ও ধুলা-বালুর শহরে পরিণত হয়েছে বলে নগরবাসীর অভিযোগ। নগরের অক্সিজেন এলাকার বাসিন্দা আবু তাহের বলেন, ‘একসময় নগরের রাস্তাগুলো ধুলা-বালু মুক্ত, ঝকঝকে ছিল। সেই ঐতিহ্য হারাতে বসেছে সিটি করপোরেশন।’ তিনি জানান, আগে বিশেষ করে ভোরে ঝাড়ুদারেরা নগরের সব আবর্জনা ও ধুলা-বালু সরিয়ে নিত। এখন কালেভদ্রে তারা রাস্তা পরিষ্কার করতে আসে। চট্টগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী নেহলিন হক বলেন, ‘কলেজে আসা-যাওয়ার সময় ধুলা-বালুর জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। ভালোমতো চোখ খোলা যায় না। জামা-কাপড় ধুলায় নষ্ট হয়ে যায়।’এ বিষয়ে জানতে চাইলে ডা. মিনহাজউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ধুলা-বালুর কারণে শ্বাসতন্ত্রের সংক্রমণ হয়, যা মানুষের শরীরে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলে। তাই নগরের রাস্তাঘাট যত দূর সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।’