বৃষ্টির প্রভাব পড়েনি, আনোয়ারায় বোরোর বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোরো ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। ছবিটি ৪ মে বিকেলে বরুমচড়ার মোহাম্মদ আলী টেক এলাকা থেকে তোলা l প্রথম আলো
বোরো ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। ছবিটি ৪ মে বিকেলে বরুমচড়ার মোহাম্মদ আলী টেক এলাকা থেকে তোলা l প্রথম আলো

গত মাসে কয়েক দিনের টানা বর্ষণ আনোয়ারা উপজেলায় বোরো ধানের ফলনে প্রভাব ফেলেনি। উপজেলার ১১ ইউনিয়নের চাষিরা বোরো ধান ঘরে তুলতে শুরু করেছেন। চলছে ধান মাড়াইয়ের কাজ। এবার উপজেলায় বোরো ধানের ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা।
উপজেলার নানা এলাকার চাষিরা বলেন, বৃষ্টিতে এবার ফসলের তেমন ক্ষতি হয়নি। পাশাপাশি খেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও কম ছিল। এ ছাড়া এবার ফসলের খেতে সময়মতো পানি ও সার দিতে পেরেছেন তাঁরা। মূলত এসব কারণে বোরো ধানের ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এবার উপজেলায় ৫ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে চাষ হয়েছে এর চেয়ে বেশি জমিতে। উপজেলার ১১ ইউনিয়নে ৬ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে বৈরাগ ইউনিয়নে ৬১৬ হেক্টর, বারশতে ৫২৮ হেক্টর, রায়পুরে ৫২ হেক্টর, বটতলীতে ৬৭১ হেক্টর, বরুমচড়ায় ৬০৪ হেক্টর, বারখাইনে ৭৯২ হেক্টর, আনোয়ারা সদর ইউনিয়নে ৪২০ হেক্টর, চাতরীতে ৭৩৫ হেক্টর, পরৈকোড়ায় ৪৯৮ হেক্টর, হাইলধরে ৭৭৩ হেক্টর ও জুঁইদণ্ডীতে ৪১১ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৩৬৪ মেট্রিক টন চাল। তবে উৎপাদন ২৫ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘আমরা উপজেলার বটতলী, আইরমঙ্গল ও হাইলধরে ধান মাড়াই করে ফলনের নমুনা (ক্রপ কাটিং) সংগ্রহ করেছি। সংগৃহীত নমুনা থেকে দেখা গেছে, হেক্টরপ্রতি ধানের উৎপাদন ৫ দশমিক ৩ মেট্রিক টন, যা বাম্পার ফলনেরই লক্ষণ।’
৮ মে দুপুরে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া, বারশত ইউনিয়নের কালীবাড়ি, বারখাইনের তৈলারদ্বীপ ও বিকেলে বরুমচড়া গ্রামে দেখা গেছে, চাষিরা ধান মাড়াই ও ঝাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। কোনো কোনো জমিতে তিনজন আবার কোনো জমিতে চারজন করে শ্রমিককে ধান মাড়াই করতে দেখা গেছে।
উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের চাষি মো. আলম (৩৮) বলেন, ‘আমি ১২০ শতক জমিতে বোরো চাষ করেছি। গত মাসে টানা বৃষ্টি সত্ত্বেও ফলন ভালো হয়েছে। এখন ধান মাড়াই চলছে।’
বরুমচড়া গ্রামের চাষি মোহাম্মদ ইউনুছ (৩০) বলেন, ‘আমি ৪০ শতক জমিতে ব্রি ধান-২৮ লাগিয়েছি। চাষ করতে সাত হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি ১০ হাজার টাকার লাভ পাব।’
উপজেলার বরুমচড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা অজয় চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘বোরোর ফলন বাড়ানোর জন্য আমাদের সার্বিক সহযোগিতা ছিল। আমরা মাঠে-ময়দানে থেকে তাঁদের নিয়মিত পরামর্শ ও কৃষি সহায়তা দিয়েছি বলেই ফলন ভালো হয়েছে।’
আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি চাষিরা আগের চেয়ে অনেক বেশি সচেতন হওয়ায় বাম্পার ফলন হয়েছে। আমরা সময়মতো বিভিন্ন পরামর্শ ও কৃষি উপকরণ সরবরাহ করায় চাষিরা লাভবান হয়েছেন।’