বৃষ্টির বিড়ম্বনা
মুক্তা ফুফুর বিয়ে। গ্রামের বাড়ি যেতে হবে। বিয়ের এক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করলাম। বিয়ের দিন কোন জামা পরব, কীভাবে সাজব, কী কী মজা করব, বরযাত্রীদের কীভাবে ঠকাব—সে ভাবনায় রাতে ঘুম এল না। বান্ধবীদের সঙ্গে পরামর্শও হয়েছে। সব ঠিকঠাক।বৃহস্পতিবার মুক্তার গায়েহলুদ। আমাদের পরিবারের সবাই সকালে বিয়েবাড়ির উদ্দেশে বেরিয়ে পড়লাম। গ্রামের বাড়িতে গিয়ে ভাইবোন ও অন্য সবাই মিলে বিয়ে নিয়ে আরও অনেক আলোচনার মধ্য দিয়ে গায়েহলুদ পর্ব শেষ করলাম।নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এল সেই বিয়ের দিন। সকাল থেকেই ছিল আকাশে মেঘের আনাগোনা। বরযাত্রী আসার আগে আমি আর আমার ভাইয়ের মেয়ে বীথি গোসল সেরে তৈরি হতে লাগলাম। বীথি আর আমি প্রায় সমবয়সী। তার সঙ্গে আমার বান্ধবীর মতো সম্পর্ক। যে বাড়িতে সাজগোজ করছিলাম, সেখান থেকে পাঁচটা বাড়ি পর বিয়েবাড়ি। আমরা যখন তৈরি হচ্ছি, ঠিক সেই সময় এল ঝমঝমিয়ে বৃষ্টি। আজ কেন যেন বৃষ্টি দেখে মন খারাপ হলো। ভাগ্য সুপ্রসন্ন ছিল, প্রায় ২০ মিনিট পর বৃষ্টি আমাদের কাছ থেকে বিদায় নেয়। একটু মন খারাপ হলেও তাতে পাত্তা দিলাম না। কারণ, নিজেকে সাজানো নিয়েই ব্যস্ত তখন আমরা। তৈরি হওয়ার পর আমি আর বীথি দুজনে মিলে রওনা দিলাম বিয়েবাড়ির উদ্দেশে। আমরা যখন বিয়েবাড়ির কাছাকাছি, তখন খেয়াল করলাম, বরযাত্রীদের মধ্য থেকে দুই, চার, আট, বারো, বিশ—এভাবে ক্রমেই জোড়া চোখের সংখ্যা বেড়েই চলেছে আমাদের দিকে লক্ষ করে। নিজেকে তখন মুম্বাইয়ের নায়িকা নায়িকা বলে মনে হচ্ছিল। বীথি বলল, ‘আন্টি, যেভাবে সবাই তোমার দিকে তাকাচ্ছে, তাতে মনে হয় অনেকেরই মাথা ঘুরিয়ে দেবে তুমি।’ আর মাত্র ১৫-২০ গজ গেলেই আমরা বরযাত্রীদের কাছে পৌঁছাতে পারি; ঠিক সেই সময়ই ঘটল বিপত্তিটা। বৃষ্টিভেজা কাদামাটির পিচ্ছিল রাস্তায় বীথি পিছলে পড়ে যাওয়ার সময় নিজেকে সামলাতে না পেরে জাপটে ধরল আমাকে। নিজেকে আর সামলাতে পারলাম না। দুজনই মুখ থুবড়ে কাদার মধ্যে গেলাম পড়ে। মনে হলো, আমাদের ওপর দিয়ে ভূমিকম্প হয়ে গেল। চেতন ফিরে পেতেই কানে ভেসে এল হাসির রোল এবং ক্রমেই তা বেড়ে চলল। তামান্না সুলতানারানী ভবানী সরকারি মহিলা কলেজ, নাটোর।