মৌসুমের শেষ দিকে বৃষ্টির ব্যাঘাতেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লবণ উৎপাদিত হয়েছে। ১৪ মে ছিল মৌসুমের শেষ দিন। তবে এর আগেই লবণ উৎপাদন বন্ধ হয়ে যায়।বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে (১ ডিসেম্বর-১৪ মে) জেলার টেকনাফ, উখিয়া, সদর, রামু, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া উপজেলার প্রায় ৬৪ হাজার ১৫১ একর জমিতে ১৫ লাখ ২০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। দেশে লবণের চাহিদা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ছয় হাজার মেট্রিক টন। ৩ মে পর্যন্ত এই মৌসুমে লবণ উৎপাদিত হয়েছে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার মেট্রিক টন; যা লক্ষ্যমাত্রার চেয়ে এক লাখ ১৪ হাজার মেট্রিক টন বেশি।বিসিকের কক্সবাজার লবণ উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা এ টি এম ওয়ালী উল্লাহ বলেন, বর্তমানে প্রায় আট লাখ মেট্রিক টন লবণ মাঠে মজুত রয়েছে। প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে কালো (অপরিশোধিত) ৯০ টাকা, সাদা ১১১ এবং পলিথিনযুক্ত ১২৭ টাকা। অর্থাৎ প্রতিকেজি লবণ বিক্রি হচ্ছে দুই থেকে তিন টাকায়। ৫ মে সরেজমিনে সদর উপজেলার খুরুশকুল গ্রামে দেখা গেছে, কয়েক হাজার একর লবণের মাঠ বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। চাষিরা মাঠে উৎপাদিত লবণ মাটির নিচে গর্ত খুঁড়ে অথবা গুদামে মজুত করছেন। টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া উপজেলার বিভিন্ন স্থানেও একই অবস্থা দেখা গেছে। খুরুশকুল গ্রামের চাষি ইয়াকুব আলী (৪৫) ও সলিম উল্লাাহ (৩৬) জানান, এখন প্রতি মণ পলিথিন লবণ (সাদা) বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কিন্তু দালালেরা বৃষ্টির অজুহাতে মণপ্রতি অতিরিক্ত ১৩ কেজি করে লবণ বেশি নিচ্ছেন। অর্থাৎ ১২০ টাকায় লবণ দিতে হচ্ছে ৫৩ কেজি।সেই হিসাবে প্রতি কেজি লবণের দাম পড়ে দুই টাকা ২৫ পয়সা। অথচ উৎপাদনের খরচ তিন টাকার বেশি।কক্সবাজার জেলা লবণচাষি সংগ্রাম পরিষদ সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, প্রতিকেজি লবণ মাঠে দুই টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে প্যাকেটে ভরে তা বিক্রি হচ্ছে ২০ থেকে ৩২ টাকায়। একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তি চাষিদের জিম্মি করে লবণের রমরমা ব্যবসা চালালেও এসব তদারকির কেউ নেই। বর্তমানে জেলার প্রায় ৫৫ হাজার চাষিসহ অন্তত পাঁচ লাখ মানুষ লবণ উৎপাদন পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত।