বৃষ্টিস্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

শিল্পকলা একাডেমিতে মহড়া শেষে বাসায় ফিরছি। এই এলাকা মধ্যরাত পর্যন্ত জমজমাট থাকে। তবে হুট করে আসা বৃষ্টি যেন আজ আড্ডাবাজদের ঘরমুখী করে তুলেছে। তাই সন্ধ্যা পেরিয়ে রাতের প্রথম ভাগেই পুরো এলাকার পথঘাট প্রায় জনশূন্য। কয়েকটি দোকান অবশ্য খোলা আছে। এই গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে দু-একটি রিকশা দ্রুতবেগে ছুটছে। আমিও ছুটছি বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে।
নার্সারি মোড়ের কাছাকাছি আসতেই শুরু হলো ঝুম বৃষ্টি! একটা বন্ধ চা-দোকানের সামনে দাঁড়ালাম। দোকানটার সামনেই ছোট একটা উদ্যান। নিয়ন আলো জেগে আছে উদ্যানটা। আমি বৃষ্টি পড়া দেখি। একটু ওপরে তাকিয়ে বৈদ্যুতিক আলোর ঊর্ধ্বমুখী দূরত্ব খুঁজি। ঠিক কোথায় যেন আলোগুলো আকাশের অন্ধকারে হারিয়ে যায়...!
হঠাৎ চোখ আটকে যায় দুজন মানুষকে দেখে। সদ্য যৌবনে পা দিয়েছে ছেলেমেয়ে। তারা এক ছাতার নিচে হাঁটছে। তাদের চোখেমুখে ভালোবাসার দীপ্তি। বৃষ্টিস্নাত এই ভালোবাসা চিনচিন করে আমার হৃৎপিণ্ডে। আমি বৃদ্ধাঙ্গুলি তুলে তাদের সমর্থন জানাই। ছেলেটি মুচকি হাসে, মেয়েটি লজ্জায় লাল হয়!
বৃষ্টি যেন বেড়েই যাচ্ছে। দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। হাঁটতে থাকি, বৃষ্টি ভিজিয়ে দেয়। চোখের সামনে ছেলেমেয়ে দুটোর মুখ বারবার ভেসে ওঠে। ভেজা শরীরে কেমন যেন শূন্যতা অনুভব করতে থাকি...।
শুভাশীষ শর্মা
চট্টগ্রাম