
গরম থেকে মুক্তি পেতে সবারই চাওয়া ছিল শান্তির বর্ষণ। গরমের অস্বস্তি কেটে গেছে। বৃষ্টি এখন হচ্ছে প্রায়ই। তবে হঠাৎ আসা বৃষ্টি বা ঝড় হতে পারে বিপত্তির কারণ। হঠাৎ বৃষ্টিতে ভিজে গিয়ে কেউ অসুস্থ হয়ে যেতে পারেন, আবার বৃষ্টিতে কাপড় ভিজে গেলে সারা দিনের কাজের ক্ষেত্রেও হতে পারে অস্বস্তি। শহরের রাস্তার ধুলাবালুও বাতাসে উড়ে চোখে এসে পড়তে পারে। এভাবে সৃষ্টি হতে পারে নানা সমস্যা। তাই থাকতে হবে সতর্ক।
এ প্রসঙ্গে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহমেদ। জেনে নিন তাঁর পরামর্শ—
হঠাৎ ঝড় বা বৃষ্টি এলে কোনো নিরাপদ স্থানে অবস্থান করুন। বিশেষ করে বজ্রপাত হলে নিরাপদ স্থানে থাকবেন অবশ্যই। বিদ্যুতের তার বা বিদ্যুতের লাইনের কাছে থাকবেন না। অনেক সময় ধাতব রডের কাছাকাছি থাকলেও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
বাইরে যাওয়ার সময় ছাতা রাখুন সঙ্গে।
হঠাৎ ঝড় বা বৃষ্টি এলে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো।
চোখে ধুলাবালু পড়লে পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে নিন। বাইরে বেরোলে সঙ্গে চশমা রাখা ভালো। হঠাৎ ধুলাঝড় উঠলে এটি আপনার চোখকে ধুলা থেকে বাঁচাবে।
চোখে ধুলা পড়ার পরে যদি চোখ লাল হয়ে যায় বা চোখ ব্যথা করে, তাহলে অতিসত্বর চিকিৎসকের শরণাপন্ন হোন।
বৃষ্টিতে একটানা দীর্ঘ সময় না ভেজাই ভালো। হঠাৎ ভিজে গেলে দ্রুত চুল শুকিয়ে ফেলতে হবে। আর ভেজা কাপড় দীর্ঘক্ষণ পরে থাকা যাবে না। দীর্ঘ সময় চুল বা কাপড় ভেজা থাকলে ঠান্ডা লেগে যেতে পারে।
•বৃষ্টিতে ভেজার পর সর্দি, কাশি, সাইনোসাইটিস ও বিভিন্ন ভাইরাসজনিত অসুখ হতে পারে। এ ধরনের সমস্যা হলে প্রচুর পানি পান করতে হবে। এ ছাড়া চা, গরম স্যুপ বা শরবতও বেছে নিতে পারেন। লেবুর শরবত এবং ভিটামিন-সিসমৃদ্ধ অন্যান্য ফল বেশ উপকারী।
জ্বর থাকলে প্যারাসিটামল-জাতীয় ওষুধ খেতে পারেন। সমস্যা খুব বেশি মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন। তিনি প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ দেবেন।
যাদের হাঁপানি আছে, তাদের কারও কারও গরমের সময় হঠাৎ বৃষ্টিতে ভেজার ফলে সমস্যা হতে পারে। তাই প্রয়োজন সতর্কতা।
এ প্রসঙ্গে আরও পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল—
বাইরে গেলে সঙ্গে ছোট্ট একটি বিউটি কিট রাখতে পারেন, যাতে থাকবে চিরুনি, লিপস্টিক, কাজল, ফেসপাউডার ও টিস্যু পেপার। চুল হঠাৎ ভিজে গেলে কাছাকাছি সুবিধাজনক কোনো জায়গায় গিয়ে চুল খুলে আঁচড়িয়ে চুল শুকিয়ে নিন।
চুল খুলে শুকানোর মতো কোনো জায়গা না পেলে বাসায় ফেরামাত্রই হালকা শ্যাম্পু করে চুল ধুয়ে নিন এবং তারপর বাতাসে চুল শুকান।
•মেকআপ নষ্ট হয়ে গেলে ফেসপাউডার লাগিয়ে নিতে পারেন।
এমন অলংকার বাছাই করতে হবে, যেন পানি লাগলে সেটির রং-ঔজ্জ্বল্য নষ্ট হয়ে না যায়।
এমন পোশাক পরা উচিত যেন তা হঠাৎ ভিজে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আবার গরম আবহাওয়ায়ও সেটি পরে আরাম পাওয়া যায়। একদমই বাতাস চলাচল করতে পারে না, এ ধরনের পোশাক না পরাই ভালো। আবার এ সময় অতিরিক্ত জাঁকজমকপূর্ণ কাজ করা পোশাকেও স্বাচ্ছন্দ্য পাওয়া যায় না।
পরতে পারেন রাবার বা প্লাস্টিকজাতীয় পদার্থের তৈরি জুতা-স্যান্ডেল। কাপড় বা চামড়ার জুতা না পরাই ভালো। চামড়ার জুতা ভিজে গিয়ে দুর্গন্ধ হতে পারে, যা আপনাকে অস্বস্তিতে ফেলে দিতে পারে।
একদম নিচু স্যান্ডেল পরলে রাস্তায় জমা পানিতে সহজেই আপনার পা নোংরা হয়ে যেতে পারে। ময়লা পানি পায়ে লাগার ফলে পায়ে জীবাণুর সংক্রমণ হতে পারে। কিছুটা উঁচু স্যান্ডেল পরতে পারেন। তবে পেনসিল হিল এ সময় না পরাই ভালো।
পারলে এমন স্যান্ডেল পরুন, যাতে আপনার পা কিছুটা ঢাকা থাকবে। এর ফলে রাস্তার পানি পায়ে লাগার ভয়ও কমে যাবে।