বাংলাদেশ পর্যটন করপোরেশনের আওতাধীন বিভিন্ন হোটেল-মোটেলের মধ্যে আয়ের দিক দিয়ে সারা দেশে দ্বিতীয় এবং বৃহত্তর চট্টগ্রামে শীর্ষ অবস্থানে রয়েছে কক্সবাজারের মোটেল শৈবাল। প্রথম অবস্থানে আছে মোটেল অবকাশ।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থবছরের প্রথম ছয় মাসেই বার্ষিক লক্ষ্যমাত্রার দুই-তৃতীয়াংশ আয় করেছে মোটেল শৈবাল। আবাসন ও বিনোদন সেবার মান বৃদ্ধির কারণে এটি কক্সবাজারে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় মোটেলে পরিণত হয়েছে।জানা যায়, ১৮৫ একর জায়গার ওপর ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত মোটেল শৈবাল কমপ্লেক্সে রয়েছে ঝাউবন, পুকুর, ঝাউবনের মধ্য দিয়ে বিচ পর্যন্ত বিস্তীর্ণ হাঁটার রাস্তা। এ ছাড়া রাতের বেলায় আলোকসজ্জাসহ মনোরম প্রাকৃতিক পরিবেশে বিনোদনের নানা সুবিধা রয়েছে এতে। যা অন্য বেসরকারি হোটেল-মোটেলে তেমন নেই। অন্যদিকে সেবার মানের তুলনায় দামও অন্য হোটেলের চাইতে কম। সুযোগ-সুবিধা এবং সেবার মান আরও বাড়ানোর লক্ষ্যে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে নতুন করে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে করপোরেশন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চলতি অর্থবছরে (২০১১-২০১২) মোটেল শৈবালের আয়ের লক্ষ্যমাত্রা ছিল দুই কোটি ৫৪ লাখ ৬৩ হাজার টাকা। কিন্তু বছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) এ মোটেল থেকে করপোরেশন আয় করছে এক কোটি ৭০ লাখ ৯৭ হাজার টাকা। মোটেল শৈবালের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, গত অর্থবছরের (২০১০-১১) প্রথম ছয় মাসে এ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন রেস্তোরাঁ, কটেজ, লেক, বার, সুইমিং পুল ও বড়শি প্রতিযোগিতাসহ বিভিন্ন খাত থেকে আয় হয়েছিল এক কোটি ১৪ লাখ টাকা। এ বছর তা বেড়ে এক কোটি ৭০ লাখ ৯৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। এ আয় মোটেলটি প্রতিষ্ঠার পর থেকে সব অর্থবছরের চাইতে বেশি। তিনি জানান, সারা দেশে মোটেল অবকাশের অনেকগুলো আউটলেট থাকায় আয়ের দিক দিয়ে এ প্রতিষ্ঠান শীর্ষে রয়েছে। মোটেল শৈবাল সারা দেশে দ্বিতীয় এবং বৃহত্তর চট্টগ্রামে শীর্ষ অবস্থানে রয়েছে। তিনি জানান, মোটেলটির সেবার মান বাড়ানোর লক্ষ্যে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে চারতলা ভবন তৈরি ও ৫০টি তারকা মানের কক্ষ তৈরি করা হবে। এ ছাড়া, ভবনে থাকবে অডিটরিয়ামসহ বিনোদনের আধুনিক সুযোগ-সুবিধা। এ ব্যাপারে ইতিমধ্যে দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শেষ করেছে পর্যটন করপোরেশন।জানা যায়, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন কক্সবাজার সমুদ্রসৈকতের অদূরে মোটেল সাগরিকা গড়ে তোলে। পরবর্তীকালে এর নামকরণ করা হয় মোটেল শৈবাল।