বিয়ের প্রায় ১০ বছর পর হাসিনা বেগমের (ছদ্মনাম) কুষ্ঠ ধরা পড়ে। এরপর শুরু হয় পরিবার থেকে মানসিক নির্যাতন। রোগটি ছোঁয়াচে, এই অজুহাতে অনেকটা একঘরে করে দেওয়া হয় তাঁকে। একপর্যায়ে হাসিনা ও তাঁর চার ছেলেমেয়েকে ফেলে চলে যান স্বামী।
শুধু হাসিনা নন, কুষ্ঠ আক্রান্ত বেশির ভাগ রোগীকে প্রতিনিয়ত মোকাবিলা করতে হচ্ছে কুসংস্কার এবং পারিবারিক ও সামাজিক নানা বাধা। বাইরের লোক তো বটে, পরিবারের অনেকেই কুষ্ঠরোগীর পাশে ঘেঁষতে চান না। সঠিক উপায়ে চিকিৎসা না করিয়ে ঝাড়ফুঁকে রোগ সারানোর চেষ্টা চলে। এটা কুষ্ঠ নির্মূলে বড় বাধা মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কুষ্ঠরোগ নির্মূলে বাংলাদেশ সাফল্য দেখালেও বৃহত্তর চট্টগ্রামসহ কয়েকটি জেলায় রোগটির প্রাদুর্ভাব এখনো রয়ে গেছে। চট্টগ্রাম নগর ও তিন পার্বত্য জেলাকে কুষ্ঠরোগের এনডেমিক (কোনো আঞ্চলিক বা পেশার সঙ্গে যুক্ত রোগবিশেষ) এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।
তবে বর্তমানে চট্টগ্রামে কুষ্ঠ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান ১০ হাজারের মধ্যে একজনের নিচে নেমে এসেছে বলে দাবি করছে দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ। নির্ধারিত মান অর্জন করলেও এখনো কুষ্ঠ ঝুঁকি রয়েছে বলে চিকিৎসকদের অভিমত।
দ্য লেপ্রসি মিশনের চট্টগ্রামের প্রকল্প ব্যবস্থাপক ডা. সানাই ত্রিপুরা বলেন, ‘কুষ্ঠ নির্মূলে এখন অনেকটা সফলতা এসেছে। তবে এখনো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে নতুন রোগী পাওয়া যাচ্ছে। এ ছাড়া কিছু পুরোনো রোগী নতুন করে আসছে। তাই আমরা সচেতনতা চালিয়ে যাচ্ছি। তবে এ ক্ষেত্রে বড় বাধা কুসংস্কার।’
এই প্রকল্পের অধীনে চট্টগ্রাম নগরে ছয়টি চিকিৎসাকেন্দ্র রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালও (চমেক) এই প্রকল্পের মাধ্যমে কুষ্ঠরোগীদের চিকিৎসাসেবা দেয়। এখানে গত বছর চট্টগ্রামে ১৫৪ জন কুষ্ঠরোগী পাওয়া গেছে। এর আগের বছর পাওয়া যায় ১৫৭ জন। এসব রোগীর মধ্যে বিকলাঙ্গও হয়ে গেছেন কেউ কেউ।
কথা হয় সম্প্রতি খুলশী কেন্দ্রে চিকিৎসা নিতে আসা হামিদ হোসেনের (ছদ্মনাম) সঙ্গে। তাঁর চোখ, পা এবং হাতের আঙুল ইতিমধ্যে পচে গেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। তিনি বলেন, ‘রোগটি হওয়ার পর কেউ একসঙ্গে খেতে চায় না। দূরে দূরে থাকে সবাই। তুচ্ছ করে। জানি না আর কত দিন এটা বহন করতে হবে।’
চিকিৎসকদের মতে, কুষ্ঠরোগ ছোঁয়াচে। তবে এ জন্য একটু সচেতন থাকলেই হয়। একেবারে একঘরে করে রাখার কোনো কারণ নেই। যেসব চিকিৎসক কিংবা সেবিকা ২০ থেকে ২৫ বছর ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাঁরা যদি সংক্রমিত না হন তাহলে অন্যদের হওয়ার কোনো কারণ নেই। সচেতনতার অভাব ও কুসংস্কারের কারণে এই রোগ নির্মূল পিছিয়ে পড়ছে।
দীর্ঘদিন চট্টগ্রামে কুষ্ঠরোগ নিয়ে গবেষণা করেছেন চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল মওলা। গবেষণায় দেখা গেছে, কুষ্ঠ আক্রান্ত রোগীদের মধ্যে দৃশ্যমান বিকলাঙ্গের হার ১৭ শতাংশ এবং অতিসংবেদনশীলতা ৪৬ শতাংশ।
রফিকুল মওলা বলেন, এক শতাংশের নিচে আসছে বলা হলেও এখনো কুষ্ঠরোগী পাওয়া যাচ্ছে। পুরাতন রোগীও আসছে। তাই চট্টগ্রাম এখনো এনডেমিক অঞ্চল। তিনি আরও বলেন, ‘এখনো আমরা দেখতে পাই অনেকে ঝাড়ফুঁক করে শেষদিকে আমাদের কাছে আসে।’