বৃহস্পতিবার এলেই পরিবহন-সংকট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতি বৃহস্পতিবার বিকেলের পর গাড়ি পাওয়া মুশকিল। ঘণ্টা দেড় ঘণ্টা পর একটি বাস এলে সেটিতে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রী নেওয়া হয় ঠাসাঠাসি করে। সপ্তাহের অন্যান্য দিন ঠিক থাকলেও এই দিনটিতে সব এলোমেলো হয়ে যায়। আর আমাদের ভোগান্তি বাড়ে।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুর রাজ্জাক (৩৯)। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের শাহ আমানত সেতু এলাকায় অপেক্ষা করছিলেন আনোয়ারার রায়পুর যাওয়ার জন্য। শুধু আবদুর রাজ্জাক নন, গাড়ির অপেক্ষায় আছেন কয়েক শ যাত্রী। বেশির ভাগ যাত্রীই যাবেন আনোয়ারায়। কিন্তু বাসের দেখা মিলছে না। পরিবহন মালিকেরা জানান, বৃহস্পতি ও শুক্রবার বিয়ে, পিকনিক ও নানা আয়োজনের জন্য যাত্রীবাহী বাস ভাড়ায় চলে যায়। তার ওপর বৃহস্পতিবার বাড়ি ফেরা লোকজনের চাপ থাকে বেশি। মানুষ অনুপাতে গাড়ি কমে যায়। যাত্রীদের অভিযোগ, গণপরিবহন সংকটের সুযোগে সিএনজিচালিত অটোরিকশা চালকেরা দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করে। এ রুটে বিআরটিসির পরিবহন চালুর দাবি জানান যাত্রীরা। গত শনিবার আনোয়ারা এলে বিষয়টি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে জানান স্থানীয় লোকজন। এ সময় তিনি চাতরী চৌমুহনী পর্যন্ত বিআরটিসি বাস চালুর ঘোষণা দেন। যোগাযোগমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর শোকসভায় প্রধান অতিথি ছিলেন।গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শাহ আমানত সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, আনোয়ারার চার রুটের মধ্যে শুধু বরকলের একটি বাস যাত্রী তুলছে। এ সময় আরও একটি জিপ (চাঁদের গাড়ি) লোক নিচ্ছে তৈলারদ্বীপ রুটের জন্য। যাত্রী মো. ফারুক বলেন, আমাদের কষ্টের যেন শেষ নেই। প্রতি সপ্তাহেই এ ভোগান্তিতে পড়তে হচ্ছে। আনোয়ারার বরুমচড়াগামী যাত্রী আইয়ুব আলী জানান, বাঁশখালী রুটে স্পেশাল আর পটিয়ার রুটে বিআরটিসির বাস চালু থাকলেও আনোয়ারায় কোনো ব্যবস্থা নেই। পরিবহন-সংকট প্রসঙ্গে জানতে চাইলে পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী বলেন, ‘সপ্তাহের এ দুই দিন কিছু গাড়ি রিজার্ভ হয়ে যায়। তাই সড়কে যাত্রীদের একটু সমস্যা হয়।