বৃহস্পতিবারে ভাড়া দ্বিগুণ!
বহদ্দারহাট এলাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আরফাতুল ইসলাম। চট্টগ্রাম শহরে আবাসন খরচ বেশি হওয়ায় পরিবার নিয়ে থাকেন দোহাজারীর গ্রামের বাড়িতে। ফলে সপ্তাহের পাঁচ দিনই (রবি থেকে বৃহস্পতিবার) তাঁকে দোহাজারী থেকে বাসে চট্টগ্রামে আসা-যাওয়া করতে হয়। এতে প্রতিদিন তাঁর বাসভাড়া বাবদ খরচ হয় ১১০ টাকা। কিন্তু প্রতি বৃহস্পতিবার এলেই যাওয়ার ভাড়াটা হয়ে যায় দ্বিগুণ। কোনো কারণ ছাড়াই বাসভাড়াটা বেড়ে যায়। আরফাতুল ইসলাম বলেন, ‘পরিবহন শ্রমিকেরা দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের জিম্মি করে রেখেছে। তারা যা বলবে তা মানতে হবে। না হলে বাসে তুলবে না। ফলে বাধ্য হয়ে তাদেরটা মানতে হয়।’শুধু দোহাজারী নয়, বৃহস্পতিবার এলে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া ও সাতকানিয়ায় চলাচলকারী সব বাস, মাইক্রোবাস ও অটোরিকশার ভাড়া দ্বিগুণ হয়ে যায়। ক্ষেত্র বিশেষে মাইক্রোবাস ও অটোরিকশার ভাড়া বেড়ে যায় কয়েকগুণ। এ নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাগিবতণ্ডা লেগেই থাকে। এমনকি হাতাহাতি মারামারির ঘটনা পর্যন্ত ঘটছে।জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রজ্ঞাপন অনুযায়ী দূরত্বের হিসেবে নগরের বহদ্দারহাট নতুন চান্দগাঁও থানার সামনে থেকে দোহাজারীর ভাড়া ৫৩ টাকা। অথচ প্রতি বৃহস্পতিবার এলেই এই ভাড়া হয়ে যায় ১০০ টাকা। একইভাবে বেড়ে যায় ওই পথের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার ভাড়া। সরাসরি কক্সবাজারগামী বাস ছাড়া আরাকান সড়কে চলাচলকারী চকরিয়া ও সাতকানিয়াগামী সব বাসেই প্রতি বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত আদায় করা হয় দ্বিগুণ ভাড়া। যাত্রীরা জানান, পরিবার পরিজন গ্রামের বাড়িতে রেখে যাঁরা শহরে কর্মস্থলে অবস্থান করেন তাঁরা সবাই শুক্রবারের ছুটি কাটানোর জন্য বৃহস্পতিবার গ্রামের বাড়িতে যান। এর সঙ্গে যোগ হন প্রতিদিনের যাতায়াতকারীরা। ফলে যাত্রীদের চাপ থাকে বেশি। এ সুযোগটা কাজে লাগায় পরিবহন শ্রমিকেরা। রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, ‘বৃহস্পতিবারে যাত্রীর চাপ প্রচুর থাকায় এবং যাত্রীদের অধিকাংশ ব্যবসায়ী হওয়ার সুবাদে বাস চালকেরা যার থেকে যেমন পারে তেমন ভাড়া আদায় করছে। কেউ প্রতিবাদ করলে তাঁকে লাঞ্ছিত করে বাসের হেলপাররা।’ গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক কিলোমিটার ও তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতকানিয়া ও লোহাগাড়াগামী কোনো গাড়িতেই এক শ টাকার নিচে যাত্রী ওঠানো হচ্ছে না। যেখানেই নামবে তাঁকে পুরো পথের ভাড়া দিতে হবে। সব বাস ‘সিট ক্যাপাসিটির, বিরতিহীন’। এ অজুহাতে ভাড়া এক শ টাকা। যাত্রীদের অভিযোগ, আসন বরাবরের কথা বলে দাঁড় করিয়ে ঠাসাঠাসি করে যাত্রী তোলা হয়। তবে যাত্রীদের এ অভিযোগ অস্বীকার করেন অধিকাংশ গাড়িচালক। চালকেরা বলেন, ‘আমরা রিজার্ভ বলে যাত্রী নিলে সিটের ধারণ ক্ষমতার মধ্যেই নিই। আর তাই তাঁদেরকেও টাকা একটু বেশি দিতে হয়।’ শুধু বাস নয় মাইক্রোবাসেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে আরাকান সড়ক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা বৃহস্পতিবারে অতিরিক্ত ভাড়া আদায় সম্পর্কিত কোনো তথ্য তাঁর কাছে নেই জানিয়ে বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের সব রুটের চালকদের নির্দেশনা দেওয়া আছে তাঁরা যাতে বিআরটিএর প্রজ্ঞাপন মেনে চলেন। অন্যথায় অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘সব সময় তদারক করতে না পারার সুযোগে কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তবে সে অন্যায় করছে। যাত্রীদের সচেতনভাবে এর প্রতিবাদ করতে হবে।’ দক্ষিণ চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘প্রতি বৃহস্পতিবারে দক্ষিণের সব গাড়ি রিজার্ভে চলে। আর রিজার্ভে গেলে সুবিধা বেশি, তাই ভাড়াও বেশি। তবে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে এ অভিযোগ সত্য নয়।’ এ প্রসঙ্গে নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান বলেন, ‘ব্যাপারটি আমার জানা ছিল না। কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’